ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশনের বিশ্ব দৃষ্টি দিবস পালন
‘সবার জন্য চক্ষুসেবা’ এই স্লোগান নিয়ে ভোলায় গতকাল শনিবার পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস-২০১৫। ভোলায় দিবসটি পালন করেছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল।
প্রত্যক্ষদর্শী ও ওই ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। এ ছাড়া উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। শোভাযাত্রায় সহস্রাধিক চক্ষুরোগী, শিক্ষক, রাজনীতিবিদসহ পেশাজীবীরা অংশ নেন। শোভাযাত্রাটি উকিলপাড়া থেকে শুরু হয়ে ভোলা শহর প্রদক্ষিণ করে।
পরে ফাউন্ডেশনের ইসলামিক কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন। তিনি বলেন, ২০১০ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি এ পর্যন্ত বিনা মূল্যে ১ লাখ ৪৭ হাজার লোকের চোখের চিকিৎসা করেছে। অস্ত্রোপচার করে দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে প্রায় ১৬ হাজার লোকের।
ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চক্ষু চিকিৎসা দ্বীপজেলা ভোলার মানুষের জন্য আশীর্বাদ।
এতে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।