ভোলা-২ আসনের সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ভোলা সদর উপজেলা ও বোরহানউদ্দিন উপজেলার পানিবন্দী মানুষকে দেখতে গিয়ে বলেন, মানুষের এই দুর্ভোগের জন্য পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড দায়ী। তাদের গাফিলতি আর মন্ত্রণালয়ের উদাসীনতার কারণে ভোলার লাখ লাখ মানুষকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত সোম ও গতকাল মঙ্গলবার জোয়ারের কারণে দুর্গত মানুষকে দেখতে গিয়ে তোফায়েল আহমেদ শুকনা খাবার ও নগদ অর্থ বিতরণ করেন। ভোলার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রবল বর্ষণ ও পূর্ণিমার প্রভাবে মেঘনা-তেঁতুলিয়ায় জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ অরক্ষিত থাকায় লোকালয়ে পানি ঢুকছে। বিচ্ছিন্ন চরেও একই অবস্থা। লোকজনকে আশ্রয়ণ প্রকল্পে আনতে চাইলেও তারা আসবে না। ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো-১) জোয়ার পরিমাপ বিভাগের গেজ পাটক সিরাজুল ইসলাম জানান, গতকাল জোয়ারের উচ্চতা বিপৎসীমা অতিক্রম করেছে। চার দিন ধরে এমন হচ্ছে।