ভোলায় পুলিশ-জলদস্যু বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ ১০
ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে পুলিশের সঙ্গে জলদস্যুদের প্রায় চার ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়েছে। দুই পক্ষের মধ্যে ১৬০টি গুলিবিনিময় হয়েছে। এ সময় ১০ দস্যু গুলিবিদ্ধ হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে ভোলার লালমোহন উপজেলার জনতা বাজার পুলিশ ক্যাম্পের পুলিশ বাত্তিরখাল এলাকায় নদীতে অভিযান চালায়। এ সময় মেঘনার বারচর এলাকায় জলদস্যুরা জেলেদের ধাওয়া করলে জেলেরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে তজুমদ্দিন ও মনপুরা থানার পুলিশ জলদস্যুদের ধাওয়া করে। রাত তিনটার দিকে মনপুরার উত্তর ঢালচরের কাছে দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে ভোর ছয়টা পর্যন্ত বন্দুকযুদ্ধ চলে। এ সময় ১৬০টি গুলিবিনিময় হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দস্যুদের মধ্যে ১০ জন গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে চারজন নিহত হয়েছে।
পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, ‘গোলাগুলির একপর্যায়ে গুলিবিদ্ধ চার জলদস্যুকে কাঁধে করে অন্য দস্যুরা বনের মধ্যে নিয়ে গেছে। গতকাল সকাল ১০টা পর্যন্ত আমরা বনের ভেতর খোঁজ করে কাউকে ধরতে বা কোনো লাশ উদ্ধার করতে পারিনি।’