ভোলায় মা ইলিশ সংরক্ষণের সময়সীমা বাড়ানোর দাবি
মা ইলিশ সংরক্ষণ ও জাটকা নিধন বন্ধ করলে ভোলায় ৮০০ কোটি টাকার মাছ উৎপাদন সম্ভব হবে। তাই সরকারের কাছে মা ইলিশ সংরক্ষণের সময়সীমা বাড়ানোর দাবি করেছেন ভোলার জেলেরা।
‘মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের মেয়াদ বৃদ্ধি’বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এ মতামত দেন। গত রোববার সকালে ভোলা জেলা মৎস্যবীজ উৎপাদন খামারে এ সভা হয়। এতে জেলার অভিজ্ঞ ৩০ জন জেলে, জেলেনেতা, আড়তদার ও মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, সারা বছর ইলিশের পেটে ডিম দেখা গেলেও বছরের আশ্বিন মাসের নির্দিষ্ট সময়ে বেশির ভাগ ইলিশ নদীতে এসে ডিম ছাড়ে। বিগত বছরে এর মেয়াদ ১১ দিন ছিল। কিন্তু ১১ দিন পরেও নদীর জলে মা ইলিশ পাওয়া যায়। তাই মা ইলিশ সংরক্ষণের মেয়াদ ১৩ থেকে ১৮ দিন করার প্রস্তাব দেন বক্তারা।
জেলে বশির আহমেদ বলেন, ‘সাগরে ইলিশের প্রবেশমুখে হাজার হাজার মাছ ধরার নৌকা মা ইলিশ শিকার করলেও তাঁদের কোনো শাস্তি হচ্ছে না।’ বক্তারা ইলিশ রক্ষায় অভিযানের জন্য পর্যাপ্ত বরাদ্দ, দ্রুত জেলে কার্ড বিতরণ, ডিলারের মাধ্যমে বেকার জেলেদের চাল-ডাল প্রদান ও বিকল্প কর্মসংস্থান, অবৈধ জাল ক্রয়-বিক্রয় বন্ধ, জেলে নৌকা এবং আড়তদারের নিবন্ধন প্রক্রিয়া শুরু করার দাবি করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতির ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম, চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আমিনুল হক প্রমুখ।