ভোলায় শীতজনিত রোগে ২৪ দিনে ২১ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় ১ জানুয়ারি থেকে গতকাল শনিবার (২৪ জানুয়ারি) পর্যন্ত ২৪ দিনে বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগে ২১টি শিশু মারা গেছে। এদিকে গরম কাপড় না থাকায় প্রচণ্ড শীতে কষ্ট পাচ্ছে গরিব মানুষ।
ভোলা আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ১৬ জানুয়ারি বৃষ্টির পর ভোলায় তাপমাত্রা ১০-১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।
সরেজমিন দেখা যায়, ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে নদীর পাড়ে, সড়কে, বাজারে শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষ খড়কুটা জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করছেন।
ভোলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডে ১২টি এবং শিশু ওয়ার্ডে ১০টি শয্যা আছে। শীতজনিত রোগে আক্রান্ত ৫০ জনের বেশি শিশু ও তাদের পরিবার গাদাগাদি করে অবস্থান করছে। মেঝেতেও রোগীরা শুয়ে-বসে রয়েছে।
সদর হাসপাতাল ও ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ভোলা সদর হাসপাতাল ও জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ দিনে ৬৭১ জন ডায়রিয়া রোগী ও ২২৭ জন শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ২১ জন শিশু মারা গেছে।
গত ডিসেম্বর মাসে সরকারি হিসাবে ভোলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ৩ হাজার ৪২৮ জন। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ২ হাজার ৩৫১ জন শিশু। ঠান্ডাজনিত রোগে মারা গেছে ১৫ জন। সব রোগ মিলিয়ে শিশু মারা গেছে ৩৪ জন।
সদর উপজেলার ভেদুরিয়া মেডিকেলের সার্জন জান্নাতুল ফেরদৌস বলেন, প্রতিদিন ২৫-৩০ জন সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার রোগী আসছে; যাদের অধিকাংশই শিশু।
জেলা সিভিল সার্জন ফরিদ আহমদ বলেন, সাধারণত নবজাতকের রোগপ্রতিরোধ ক্ষমতা কম। তাই শিশুরা ঠান্ডার রাগে বেশি আক্রান্ত হচ্ছে।
এদিকে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল ওয়াহেদ বলেন, চলতি শীতে ভোলায় আট হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, সরকারের ত্রাণ বিভাগ, বিভিন্ন ব্যাংক ও বেসরকারি সংস্থা ২১-২২ হাজার কম্বল বিতরণ করেছে জেলায়। ভোলায় ৭০টি ইউনিয়ন। জনসংখ্যা কমপক্ষে ২১ লাখ। প্রতি ইউনিয়নে ৩১৪-৩১৫টি কম্বল যাওয়ার কথা থাকলেও অনেক ইউনিয়নে কোনো কম্বলই যায়নি।
দৌলতখানের মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন, হাজীপুর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান, লালমোহনের লর্ড হার্ডিঞ্জ ইউপির চেয়ারম্যান আবুল কাশেম বলেন, তাঁরা এ বছর কোনো কম্বল পাননি। তাঁদের প্রত্যেকের ইউনিয়নে দুই-তিন হাজার পরিবার শীতে চরম কষ্টে আছে।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, তাঁর উপজেলায় শতকরা ৮০ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে; যাদের গরম কাপড় খুবই দরকার। তারা দুই-তিন ভাগ লোককে গরম কাপড় দিতে পেরেছেন। বাকিরা কষ্টে আছে।
জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, সরকারিভাবে ভোলায় আট হাজার কম্বল বিতরণ করা হয়েছে। দারিদ্র্যসীমার নিচে বসবাস করা মানুষের তুলনায় ওই বরাদ্দ খুবই কম। এ জন্য প্রতিটি সভা-অনুষ্ঠানে স্থানীয় ধনীদের নিজ উদ্যোগে গরম কাপড় বিতরণ করতে বলা হচ্ছে।