ভোলায় শুরু হয়েছে জলচর পাখিশুমারি
ভোলায় সাত দিনব্যাপী (১২-১৮ জানুয়ারি) শুরু হয়েছে জলচর পাখিশুমারি। গত সোমবার দুটি ট্রলারে ভোলা খেয়াঘাট নদী থেকে পাখিশুমারির উদ্দেশ্যে যাত্রা শুরু করে একটি দল।
ইলিশা, মেঘনা, সাগর মোহনা, বুড়াগৌরাঙ্গ ও তেঁতুলিয়া নদী ঘুরে ১৮ জানুয়ারি শুক্রবার বিকেলে শুমারির কাজ শেষ করে ঢাকা ফিরবে শুমারি দল।
গতকাল মঙ্গলবার দুপুরে দমারচর থেকে বাংলাদেশ বার্ড ক্লাবের (বিবিসি) সাবেক সদস্যসচিব, পর্বতারোহী ও পাখি পর্যবেক্ষক এম এ মুহিত মুঠোফোনে এসব তথ্য দেন। দলে বার্ড ক্লাবসহ ‘নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকন)’ ও চ্যানেল আইয়ের ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের’ ১৬ জন সদস্য আছেন।
এম এ মুহিত জানান, ১৯৮৭ সাল থেকে সারা বিশ্বের সঙ্গে উপকূলীয় এলাকার শতাধিক চরে উৎসাহী পাখিপ্রেমী, পর্যবেক্ষক ও গবেষকদের স্বেচ্ছাশ্রমে জলচর পাখি গণনা হচ্ছে।
শুমারিতে বার্ড ক্লাবের সভাপতি নিয়াজ আবদুর রহমানের নেতৃত্বে দলে আরও আছেন বন্য প্রাণী গবেষক সামিউল মোহসেনিন, পাখিবিষয়ক পত্রিকা বাংলার পাখির সম্পাদক কাজী আহমেদ হোসেন, নেকনের সমন্বয়কারী সফিকুর রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শামীম আহমেদ প্রমুখ।