ভোলায় সবজির খেতে ভাইরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সবজিখেতে ভাইরাস দেখা দিয়েছে। ভাইরাস দমনে বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করা হচ্ছে। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, ভাইরাসের কোনো ওষুধ নেই।
জানতে চাইলে ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদ বলেন, একটি গাছে ভাইরাস আক্রমণ করলে তা খেতের অন্য গাছে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পোকা দমনের নানা কীটনাশক থাকলেও ভাইরাসমুক্ত করার কোনো ওষুধ নেই। এ ক্ষেত্রে আক্রান্ত গাছ তুলে ফেলাই উত্তম। এ ছাড়া যেসব গাছ ভাইরাসে আক্রান্ত হয়নি, সেসব গাছে ডায়াথন-এম-৪৫-এর মতো ওষুধ ছিটাতে হবে। ঘন কুয়াশা পড়লে ও গরম বেশি হলে গাছে বেশি পানি ছিটাতে হবে। তাহলে ভাইরাস ছড়াবে না।
গত বুধবার ভোলা সদর উপজেলার কাচিয়া, ধনিয়া, পূর্ব ও পশ্চিম ইলিশা, রাজাপুর, দক্ষিণ ও উত্তর দিঘলদী ইউনিয়ন এবং পরদিন বৃহস্পতিবার দৌলতখান উপজেলার মদনপুর ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ চিচিঙা, করলা, শসা, শিমসহ লতানো সবজির পাতা হলদে হয়ে কুঁচকে যাচ্ছে। এসব গাছের ফলও কোঁকড়ানো। ফল বের হয়ে নষ্ট হচ্ছে। প্রতিটি খেতে একাধিক ভাইরাসে আক্রান্ত গাছ রয়েছে। বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সবজিগাছের ভাইরাস দমনে কীটনাশক ও ওষুধ ছিটানোর পরামর্শ দিচ্ছেন।
রাজাপুর কালুপুর গ্রামের লিটন মিয়া (৩৪) জানান, এ বছর দেড় একর জমিতে চিচিঙা, করলা ও শসা আবাদ করেছেন। দেড় একর জমির বার্ষিক লগ্নি মূল্য এক লাখ ২০ হাজার টাকা। চার বছর ধরে তিনি সবজি চাষ করছেন। সাধারণত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সবজিখেতে খরচ হয় দুই লাখ ২০ থেকে আড়াই লাখ টাকা। এ বছর তিন লাখ টাকা ছাড়িয়ে যাবে।
ভাইরাস দমনে কয়েক লাখ টাকা খরচ করেও ফল পাননি বলে জানান দক্ষিণ রাজাপুরের ইউসুফ ব্যাপারী, আলমগীর হোসেন, নুরু মাঝি, আবদুল আজিজ মিজি, জসিম মিজি, ধলু জমাদার, ইলিশা কালুপুরের মো. ইকবাল, মো. আরিফ, মো. সাহাবুদ্দিন, মহিউদ্দিনসহ উপজেলার ৫০ জন কৃষক। তাঁরা জানান, প্রতিটি খেতে শতাধিক ভাইরাসে আক্রান্ত গাছ আছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সবজিখেতে ভাইরাস আক্রান্তের খবরটি পাওয়ার পর আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি। ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের পরামর্শ না শুনে কৃষি কর্মকর্তাদের পরামর্শ শুনতে বলেছি।’