ভোলায় সাত দিনের জলচর পাখিশুমারি সম্পন্ন
ভোলায় সাত দিনের জলচর পাখিশুমারি গতকাল রোববার শেষ হয়েছে। ১২ জানুয়ারি এ শুমারি শুরু হয়েছিল।
শুমারি দলের প্রধান ও বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি নিয়াজ আবদুর রহমান বলেন, উপকূলের কিছু চরকে পাখির অভয়ারণ্য বানানো দরকার, নইলে ভবিষ্যতে এ অঞ্চলে আর পাখি আসবে না।
তিনি আরও বলেন, ভোলার চারপাশসহ উপকূলীয় অঞ্চলে শতাধিক চর আছে। অতিথি পাখিসহ জলচর পাখির বিচরণের জন্য কিছু চর নিদিষ্ট করে রাখা উচিত।
সারা বিশ্বের সঙ্গে মিলিয়ে ভোলায় জলচর পাখিশুমারি হয়। ১৯৮৭ সাল থেকে এ শুমারি শুরু হয়। উৎসাহী পাখিপ্রেমী, পর্যবেক্ষক ও গবেষকদের স্বেচ্ছাশ্রমে জলচর পাখি গণনা করা হচ্ছে। জীববৈচিত্র্য, পরিবেশ-প্রকৃতি সংরক্ষণসহ পাখিদের ভালো রাখার জন্য পৃথিবীর প্রায় সব দেশেই জলচর পাখি গণনা করা হয়।
গণনা শেষে প্রতিবেদনটি ‘ওয়েটল্যান্ডস ইন্টারন্যাশনাল’ নামের আন্তর্জাতিক সংস্থা বই আকারে প্রকাশ করবে, যা পৃথিবীর জলচর পাখির গুরুত্বপূর্ণ দলিল বলে গণ্য করা হয়।
শুমারি দলের প্রধান সমন্বয়কারী এম এ মুহিত বলেন, ১২ জানুয়ারি ভোরে দলটি ট্রলারে ভোলা খেয়াঘাট থেকে পাখিশুমারির উদ্দেশ্যে ছেড়ে যায়। ইলিশা, মেঘনা, সাগর মোহনা, বুড়াগৌরাঙ্গ ও তেঁতুলিয়া নদী ঘুরে গতকাল বিকেলে খেয়াঘাটে শুমারির কাজ শেষ হয়।
দলে ছিলেন বাংলাদেশ বার্ড ক্লাব, নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকন) ও চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ১৬ জন সদস্য।