ভোলায় ৩ নম্বর কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু
ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের তিন নম্বর কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
এখানে থেকে দৈনিক প্রায় দেড় কোটি ঘনফুট গ্যাস তোলা সম্ভব।
এই কূপের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন, আজ রোববার ভোর চারটা থেকে এ উত্তোলন শুরু হয়।
গত ১৬ মে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া গ্রামে শাহবাজপুর গ্যাসক্ষেত্রের তিন নম্বর কূপ খননের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। এ রকম আরও একটি কূপ খননের প্রক্রিয়া চলছে। নতুন দুটি কূপ থেকে দৈনিক তিন কোটি ঘনফুট গ্যাস তোলা সম্ভব বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা।
পেট্রোবাংলা জানায়, ১৯৯৫ সালের দিকে ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া গ্রামে শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। এরপর সেখানে দুটি কূপ খনন করা হয়। সে দুটি থেকে দৈনিক তিন কোটি ঘনফুট গ্যাস তোলা যায়। কিন্তু ব্যবহারের জায়গা নেই। তাই তোলা হচ্ছে প্রতিদিন ৮০ লাখ ঘনফুট। তবে স্থানীয় বিদ্যুেকন্দ্র বন্ধ থাকলে গ্যাস তোলা হয় আরও কম।
অথচ সেখানে দৈনিক সাত কোটি ঘনফুট গ্যাস প্রক্রিয়াকরণ করে সরবরাহের জন্য প্রসেস প্লান্ট করে রাখা হয়েছে। ভোলা সদরে ২০ কিলোমিটার পাইপলাইন করা আছে। সম্প্রতি আবাসিক গ্রাহকদের সংযোগ দেওয়া শুরু হয়েছে। তবে ভোলার গ্যাসের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত হয়নি। কবে তা হবে তাও নিশ্চিত নয়।
কারণ, শাহবাজপুর ক্ষেত্রের এই গ্যাস ব্যবহারের জন্য ভোলায় ২২৫ মেগাওয়াট ক্ষমতার যে বিদ্যুেকন্দ্রটি করা হচ্ছে, তার কাজ শেষ হতে আরও বছর খানেক লাগবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।