ভোলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ নেই, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে সৃষ্ট ঝড়ে তার ছিঁড়ে যাওয়ায় ভোলার অধিকাংশ এলাকায় গতকাল মঙ্গলবার পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। ভোলার বিভিন্ন উপজেলায় এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ঝড়ের আঘাতে ধসে পড়া বসতঘরগুলো সংস্কার করা সম্ভব হয়নি। এসব কারণে লোকজন ভোগান্তি পোহাচ্ছে।

চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার রেজাউল করীম, নীলকমল ইউপির চেয়ারম্যান ইকবাল হোসেন, ওসমানগঞ্জের চেয়ারম্যান শাহাবুদ্দিন, আসলামপুরের চেয়ারম্যান এ কে এম সিরাজুল ইসলাম, আমিনাবাদের চেয়ারম্যান সায়েদুর রহমান, লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউপির চেয়ারম্যান আবুল কাশেম জানান, ঝড় আঘাত হানার এক দিন আগ থেকেই তাঁদের এলাকায় বিদ্যুৎ নেই। এলাকার ছোটখাটো কল-কারখানা বন্ধ। মুঠোফোনে চার্জ দেওয়া যাচ্ছে না।

পল্লী বিদ্যুৎ সমিতির ভোলা কার্যালয়ের ব্যবস্থাপক সোহরাব আলী জানান, বর্তমানে তাঁদের ৫৯ হাজার গ্রাহক আছে। মহাসেনের প্রভাবে সৃষ্ট ঝড়ে গাছ পড়ে ও খুঁটি ভেঙে লাইনের তার ছিঁড়ে গেছে। ইতিমধ্যে লাইন সংস্কার করে ৪০ ভাগ গ্রাহককে বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়েছে। তিন-চার দিনের মধ্যে সব গ্রাহকের ঘরে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।