ভোলার আলু দুই মাসে বিক্রি কৃষকের লাভ দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মাটি বেলে দো-আঁশ এবং মুন্সিগঞ্জের মাটি এঁটেল। ভোলার মাটিতে আলু দ্রুত বড় হয়, মুন্সিগঞ্জে বিলম্বে। ভোলার মাটিতে ৫৫ থেকে ৬০ দিনের মাথায় আলু বিক্রির উপযুক্ত হয়, মুন্সিগঞ্জের মাটিতে ৯০ থেকে ৯৫ দিন।ভোলা আর মুন্সিগঞ্জে আলু চাষের তুলনা এভাবেই করছিলেন মুন্সিগঞ্জের আলুচাষি শাজাহান ব্যাপারী (৫৫)। তিনি ১৩ বছর আগে ভোলায় আলু চাষ করতে আসেন। সেই থেকে প্রতি মৌসুমে তিনি আলু চাষ করেন। এবার ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সিবিলে আট একরে আলু চাষ করেছেন। তাঁর দেখাদেখি এ বিলে আলু চাষ ছড়িয়ে পড়ে। চলতি বছরে এ বিলে প্রায় ১০০ একর জমিতে আলু চাষ হয়েছে। শুধু এ বিলে নয়, ভোলার সাত উপজেলায় এ বছর সবচেয়ে বেশি আলু চাষ হয়েছে। দামও ভালো।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মৃত্যুঞ্জয় জানান, ১৫ বছর আগে ভোলায় আলুর চাষ হতো না। গত বছর দুই হাজার ৫৫ হেক্টরে আলু চাষ হয়েছে। এবার তা বেড়ে প্রায় সাড়ে তিন হাজার হেক্টরে দাঁড়িয়েছে। গুপ্তমুন্সিবিলে ১২ বছর ধরে আলু চাষ করেন সামসুদ্দিন ব্যাপারী (৪৫)। প্রথম বছর ৪৮ শতাংশ জমিতে আলু আবাদ করে লাভ পেয়ে আর এ চাষ ছাড়েননি। এ বছর ২০ একর জমিতে তিনি আলু আবাদ করেছেন। এতে তাঁর খরচ হয়েছে ১৩ লাখ টাকা। মাত্র দুই মাসের মাথায় খেতের সব আলু ৩০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন। আরেক চাষি মো. ওয়াসিম তিন একর ২০ শতাংশ (দুই কানি) জমিতে ৩২ হাজার টাকা লগ্নি করে আলু চাষ করেছেন। দুই মাসের মাথায় গত রোববার থেকে তিনি আলু বিক্রি শুরু করেছেন। খেত থেকেই ব্যাপারীরা ১৮ টাকা কেজি মূল্যে আলু কিনছেন। সব খরচ বাদ দিয়ে তাঁর আড়াই লাখ টাকা লাভ হবে বলে তিনি আশা করছেন। বিলের আরেক চাষি মোকামেঞ্চল ঘরামী বলেন, ‘দুই বছর ধরে ধান চাষ করে ক্ষতির ওপর ক্ষতি হয়েছে। আলু সেই ক্ষতি কিছুটা পুষিয়ে দিচ্ছে।’ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তি রঞ্জন মল্লিক বলেন, ‘ভোলার প্রায় সব জমিতে আলু আবাদ করা সম্ভব। কিন্তু উন্নতমানের বীজের সংকট ও হিমাগারের অভাবে কৃষকেরা আলু চাষে এগিয়ে আসছেন না। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আলুর চাষ ও ফলন বেশি হয়েছে।’