ভোলার ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্পে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর উপজেলায় মেঘনার তীর রক্ষায় ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্পের প্রায় দেড় কিলোমিটার এলাকায় ধসের সৃষ্টি হয়েছে। গতকাল ধসে পড়া এলাকা পরিদর্শন করেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ছবি l প্রথম আলো
ভোলা সদর উপজেলায় মেঘনার তীর রক্ষায় ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্পের প্রায় দেড় কিলোমিটার এলাকায় ধসের সৃষ্টি হয়েছে। গতকাল ধসে পড়া এলাকা পরিদর্শন করেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ছবি l প্রথম আলো

ভোলা সদর উপজেলার উত্তর মেঘনার তীর রক্ষায় ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্পে ব্লক ফেলার পরপরই ধসে পড়েছে। গত এক সপ্তাহে প্রায় দেড় কিলোমিটার এলাকায় ধসের এ ঘটনা ঘটে। পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ গতকাল মঙ্গলবার সকালে ওই এলাকা পরিদর্শন করেছেন।

ইলিশার বাসিন্দা মো. হাসান প্রথম আলোকে বলেন, উত্তর থেকে নেমে আসা বন্যার পানির তীব্র স্রোতে এ বছরও ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে। কয়েক দিন আগে যে ব্লক ফেলা হয়েছে, তা ধসে পড়ছে। তিনি আরও বলেন, এখন নদীতে প্রচণ্ড স্রোত। এর মধ্যে ব্লক ফেলার কোনো মানে নেই। শীতকালে নদীতে তেমন স্রোত থাকে না। তখন ব্লক ও বালুভর্তি জিও-টেক্সটাইল বস্তা ফেললে এমন ভাঙনের শিকার হতে হতো না।

রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুরের বাসিন্দা আবুল কাশেম গত তিন বছরে তিনবার নদীর ভাঙনের শিকার হয়েছেন। তিনি বলেন, প্রত্যেকবার মন্ত্রী ও সাংসদেরা এলাকা পরিদর্শন করেন। তাঁরা ভাঙন প্রতিরোধ করার আশ্বাস দেন। ভাঙনের হাত থেকে রক্ষা করতে কোটি কোটি টাকা বরাদ্দ দেন। কিন্তু এতে জনগণ কোনো সুফল পাচ্ছে না।

পানিসম্পদ মন্ত্রীর পরিদর্শনস্থলে পূর্ব-ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ জনসভার আয়োজন করে। জনসভায় বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী আমিনুল ইসলাম মাহমুদ বলেন, মেঘনা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। এই নদী দিয়ে ভারত, ভুটান, নেপাল ও বাংলাদেশের পানি নিষ্কাশন হচ্ছে। পানির সঙ্গে নেমে আসা পলি ও বালু জমে ভোলা জেলার সৃষ্টি হয়েছে। এ জেলা এই কারণে ভাঙনপ্রবণ। এই ভাঙন ঠেকাতে ও দুর্যোগ মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রতিনিয়ত যুদ্ধ করছে। ভোলাবাসীকে স্থায়ী ঠিকানা দিতে ও মেঘনা তীরের মানুষকে যাতে আর অস্থায়ী ঠিকানায় না যেতে হয়, সে চেষ্টাই করছে।

মন্ত্রী আরও বলেন, ইলিশা-রাজাপুরসহ উত্তর ভোলার রাজাপুর ও পূর্ব-ইলিশা ইউনিয়নের সাড়ে তিন কিলোমিটার তীর রক্ষার জন্য বাঁধ নির্মাণে ৩২৫ কোটি টাকার বাজেট হয়েছে। এ বছর ৬৫ কোটি টাকার কাজ হচ্ছে।

জনসভায় ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম (বীর প্রতীক), পাউবোর মহাপরিচালক মাহফুজুর রহমান, বরিশালের প্রধান প্রকৌশলী সাজিদুর রহমান সরদার প্রমুখ।