ভোলার উপনির্বাচন বাতিলের দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের উপনির্বাচন বাতিলের দাবিতে গতকাল বুধবার চট্টগ্রাম নগরে পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। দুই পক্ষ নগর বিএনপির ব্যানারে সমাবেশ করে। এতে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচন বাতিল করা না হলে গণ-আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে নগর বিএনপি বিক্ষোভ মিছিল-সমাবেশ করে। সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোলায় প্রহসনের নির্বাচনে জয়লাভ করে এখন সেখানে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে আওয়ামী লীগ। দেশব্যাপী গণ-আন্দোলন কর্মসূচির মাধ্যমে এ ভোট ডাকাতির জবাব দেওয়া হবে।সমাবেশে বক্তৃতা করেন নগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরী, সাবেক সাংসদ রোজী কবির, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নাসিমন ভবনের দলীয় কার্যালয় থেকে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।