ভোলার উপনির্বাচনের ফলাফল বিএনপি মানে না: খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ভোলা-৩ আসনের উপনির্বাচনের ফলাফল বিএনপি মানে না। নির্বাচন কমিশনারদের উদ্দেশে তিনি বলেন, সামান্য সম্মান থাকলে ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে তাঁদের পদত্যাগ করা উচিত। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সদস্যরা তাঁর গুলশানের কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, ভোলায় সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়ী হতো। কিন্তু তারা সন্ত্রাস করে মা-বোনদের ভোটকেন্দ্রে যেতে দেয়নি। তিনি বলেন, নির্বাচন কমিশন ব্যর্থ, তারা নিরপেক্ষ নয়। তাদের অধীনে যে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এবার তা আবার প্রমাণিত হলো। তিনি আরও বলেন, এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বিএনপির চেয়ারপারসন বলেন, গত উপজেলা নির্বাচনের সময়েও ব্যাপক সন্ত্রাস করা হয়েছিল।