ভোলার ঘরে ঘরে গ্যাস যাচ্ছে শিগগির
দেশের দক্ষিণের দ্বীপ জেলা ভোলায় ঘরে ঘরে গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে। ২৮ আগস্ট, বুধবার আনুষ্ঠানিকভাবে সংযোগ দেওয়ার কার্যক্রম উদ্বোধন করবেন আওয়ামী লীগের নেতা ভোলার সাংসদ তোফায়েল আহমেদ। চলতি সপ্তাহেই সরকারিভাবে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, ভোলায় আবিষ্কৃত গ্যাস দীর্ঘদিন ধরে প্রায় অব্যবহূত পড়ে আছে। বর্তমানে ওই গ্যাসের একমাত্র গ্রাহক হচ্ছে সেখানকার ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি। সেটি বন্ধ থাকলে গ্যাসক্ষেত্রও বন্ধ রাখতে হয়।পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, এইভাবে দীর্ঘদিন অতি সীমিত পরিসরে গ্যাস উত্তোলন ও সরবরাহ করায় ক্ষেত্রটির পরিচালনাকারী কোম্পানি বাপেক্স আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের বিনিয়োগ উঠে আসতে দীর্ঘ সময় লাগছে। তা ছাড়া আবাসিক সংযোগ দেওয়ার জন্য মূল অবকাঠামো—৩৩ কিলোমিটার সঞ্চালন লাইন ও ২০ কিলোমিটার বিতরণ লাইন করা আছে।দেশের স্থলভাগের ২৩টি ব্লকের মধ্যে ভোলার এই গ্যাসক্ষেত্রটি ১০ নম্বর ব্লকের মধ্যে পড়েছে। জেলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুরে ক্ষেত্রটির অবস্থান। ১৯৯৫ সালে বাপেক্স ক্ষেত্রটি আবিষ্কার করে। আবিষ্কারের পর সেখানে দুটি উৎপাদন কূপ করা হয়। কিন্তু বিতরণের ক্ষেত্র না থাকায় একটি কূপ বন্ধ রাখা হয়েছে। অন্য কূপটি থেকেও উৎপাদন করা হয় ক্ষমতার অর্ধেকের মতো। ক্ষেত্রটিতে গ্যাসের মজুত (গ্যাস ইন প্লেস) ৬৫৬ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। এর মধ্যে উত্তোলনযোগ্য মজুত প্রায় ৫০০ বিসিএফ বা আধা টিসিএফ। তবে ভূতত্ত্ববিদদের ধারণা, ক্ষেত্রটিতে গ্যাসের মজুত আরও অনেক বেশি হবে।ভূতত্ত্ববিদদের এই ধারণার সবচেয়ে শক্ত ভিত্তি হচ্ছে ক্ষেত্রটির গ্যাসের চাপ। দেশে এখন পর্যন্ত আবিষ্কৃত গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে এই ক্ষেত্রটিতেই গ্যাসের প্রাকৃতিক চাপ সবচেয়ে বেশি। অন্যান্য ক্ষেত্রে যেখানে এই চাপ চার হাজার পিএসআইয়ের (পাউন্ড পার ইঞ্চি) মধ্যে, সেখানে শাহবাজপুর ক্ষেত্রটিতে গ্যাসের চাপ সাড়ে পাঁচ হাজার পিএসআইরও বেশি।ক্ষেত্রটির মজুত পুনর্মূল্যায়নের জন্য বাপেক্স আগামী শুষ্ক মৌসুমেই সেখানে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ পরিচালনা করবে। পাশাপাশি আগামী বছরের মধ্যে ক্ষেত্রটিতে আরও দুটি নতুন কূপ খনন করবে রুশ কোম্পানি গ্যাজপ্রম। ওই গ্যাস ব্যবহারের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ভোলায় ২২৫ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে।শাহবাজপুর ক্ষেত্রের গ্যাস একেবারেই শুষ্ক। অর্থাৎ এখানকার গ্যাসে কনডেনসেটের (গ্যাসের সঙ্গে থাকা তরল জ্বালানি) পরিমাণ খুব কম। ক্ষেত্রটি থেকে গত জুন মাস পর্যন্ত সর্বমোট সাত হাজার ৭৬৭ দশমিক ৪৩৯৯ মিলিয়ন ঘনফুট গ্যাস (পৌনে আট বিসিএফেরও কম) তোলা হয়েছে। এর সঙ্গে কনডেনসেট পাওয়া গেছে মাত্র ২৯৪ ব্যারেল।