ভোলার চরাঞ্চলে শতাধিক প্রাথমিক বিদ্যালয় দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার দুর্গম চরাঞ্চল মদনপুর ইউনিয়নে সরকারি নথিভুক্ত কোনো বিদ্যালয় না থাকায় তিন হাজার শিশু সাক্ষরজ্ঞানসহ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। শুধু মদনপুর ইউনিয়ন নয়, ভোলা জেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এখনো শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের চাহিদা রয়েছে। স্কুলগুলো প্রতিষ্ঠা হলে এবং নিয়মিত পাঠদান করা হলে প্রায় ৩০ হাজার শিশু শিক্ষার সুযোগ পাবে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ৮১টি প্রাথমিক বিদ্যালয় করার জন্য একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, মেঘনার মাঝে জেগে ওঠা এ ইউনিয়নে প্রায় সাড়ে তিন হাজার শিশু রয়েছে স্কুলগামী। এর মধ্যে ব্যক্তিগত চেষ্টায় দুটি স্কুল প্রতিষ্ঠিত হলেও শিক্ষকেরা বেতন ছাড়াই নামমাত্র পাঠদান করছেন। সরকার বিদ্যালয় দুটিকে এমপিওভুক্ত করছে না। এ ছাড়া ইউনিয়নে কোনো রাস্তাঘাট নেই। এ জন্য শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। যে ৮-১০টি প্রাথমিক বিদ্যালয় আছে, সেখানে রয়েছে শিক্ষকসংকট। বেশির ভাগ বিদ্যালয় সরকারের নথিভুক্ত না হওয়ায় শিক্ষকেরা নিজেদের ইচ্ছামতো বিদ্যালয়ে আসেন-যান। ফলে চরের শিশুরা শিক্ষাবঞ্চিত থাকছে। এসব চরে কমপক্ষে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের দাবি জানান স্থানীয় লোকজন।জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মরতদের ভাষ্যমতে, তাঁরা গত অর্থবছরে ভোলার সাতটি উপজেলার জন্য মন্ত্রণালয়ে ৮১টি বিদ্যালয় করার জন্য একটি তালিকা পাঠিয়েছেন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ১৪টি, দৌলতখানে পাঁচ, বোরহানউদ্দিনে ১১, তজুমদ্দিনে পাঁচ, লালমোহনে আট, চরফ্যাশনে ৩১ এবং মনপুরায় সাতটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা জরুরি। বিদ্যালয়গুলো নির্মাণ হলে প্রায় ৩০ হাজার শিশু নতুন করে শিক্ষার আওতায় আসবে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফ হোসেন জানান, মন্ত্রণালয়ে যে তালিকা পাঠানো হয়েছে, তার মধ্যে কিছু কিছু বিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি আসছে। আবার স্থানীয়ভাবেও প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে। তবে এ মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়গুলো নির্মাণ করা জরুরি। নইলে ওই সব এলাকার শিশুরা শিক্ষার আওতায় আসবে না।