ভোলার ছয় উপজেলায় বিদ্যুৎ নেই তিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার ছয় উপজেলায় তিন দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গত কয়েক দিনের টানা ঝড় ও বৃষ্টিতে গাছ ভেঙে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে এসব উপজেলার কয়েক লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে দেশের অন্যান্য এলাকার মতো ভোলায়ও ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ে গাছ উপড়ে পড়ে ও ডাল ভেঙে বিদ্যুৎ লাইনের ওপরে পড়ে। এতে রোববার থেকে ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।ভোলা সদর উপজেলার ওয়েস্টার্ন পাড়ার বাসিন্দা হারুন অর রশিদ বলেন, তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় তাঁর রেফ্রিজারেটরের মাছ ও তরকারি পচে যাচ্ছে। লাইনে পানি না থাকায় গোসলও করতে পারছেন না।দৌলতখান উপজেলার মাছ ব্যবসায়ী সোহেল হোসেন বলেন, বিদ্যুৎ না থাকায় তিন-চার দিন ধরে কারখানায় বরফ উৎপাদন হচ্ছে না। এতে মাছ কম দামে স্থানীয় বাজারে বিক্রি করতে হচ্ছে। একই কারণে ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার অর্ধশতাধিক বরফ কল বন্ধ রয়েছে।ভোলা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) সহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র প্রথম আলোকে বলেন, ‘ঝড়ে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এতে সব উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। এ ছাড়া ঝড়ের কারণে গ্রিড লাইনেও ত্রুটি দেখা দিয়েছে। কোন সময় বিদ্যুৎ আসবে, তা সঠিকভাবে বলতে পারছি না।’