ভোলার ত্রাণের চাল বস্তা পাল্টে চলে যাচ্ছে অন্য জেলায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় জেলে, দুস্থ ও শ্রমিকদের জন্য ভিজিএফ কার্ডের বিপরীতে আতপ চাল দেওয়া হচ্ছে। আড়তের মালিকেরা জেলে ও শ্রমিকদের কাছ থেকে ওই চাল কম দামে কিনে প্রতিষ্ঠিত কোম্পানির বস্তায় ভরে চট্টগ্রাম ও সিলেটে নিয়ে বেশি দামে বিক্রি করছেন।এলাকাবাসীর অভিযোগ, ভিজিএফের এসব চাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা পরিবহনসহ নানা ধরনের খরচের অজুহাতে আড়তদারদের কাছে বিক্রি করছেন।জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল অঞ্চলের মানুষ আতপ চাল খায় না। তার পরও এ অঞ্চলে বর্তমানে ভিজিএফ (মৎস্য), জিআর (সাধারণ ত্রাণ) এবং শ্রমিকদের জন্য বরাদ্দ দেওয়া আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইডের ভিজিএফ প্রকল্পের আওতায় আতপ চাল পাঠানো হয়েছে।অনুসন্ধানে জানা যায়, ভোলায় এ বছর ৪০ হাজার ৩৭২ জন জেলের জন্য মাথাপিছু ৮০ কেজি (চার মাসের জন্য) করে চিকন আতপ চাল বরাদ্দ হয়েছে। না খাওয়ায় জেলেরা তাঁদের চাল ২৪-২৫ টাকা কেজি দরে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। পাশাপাশি বিভিন্ন ইউপির চেয়ারম্যান পরিবহন খরচের নামে গুদাম থেকেই আগাম ৪০ থেকে ৫০ ভাগ চাল বিক্রি করে দেন। স্থানীয় প্রভাবশালী আড়তদারেরা ওই চাল কিনছেন। একইভাবে জিআর, ভিজিএফের (মুসলিম এইড) আতপ চাল ভোলার আড়তদারদের কাছে চলে আসছে। এসব চাল জানুয়ারি মাসে বরাদ্দ করা হয়।মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের জেলেরা অভিযোগ করেছেন, তাঁরা ৪০ কেজির (ফেব্রুয়ারি ও মার্চ মাসের) জায়গায় ২৫ কেজি চাল পেয়েছেন। তাঁদের ইউনিয়নে ওই দুই মাসের জন্য ৫৯ হাজার ১৬০ কেজি চাল বরাদ্দ করা হয়। বাকি ২২ হাজার ১৮৫ কেজি চাল গুদাম থেকেই বিক্রি করে দেওয়া হয়।সাকুচিয়া ইউনিয়নের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, গুদাম থেকে এক টন চাল আনতে কার্গো ভাড়া, ঘাটের খরচ, কুলির ভাড়া, ট্রাকভাড়া মিলিয়ে অনেক খরচ হয়। ওই খরচ ওঠাতে জেলেদের চাল কম দেওয়া হচ্ছে। কারণ, ত্রাণ কার্যালয় থেকে তাঁদের কোনো খরচ দেওয়া হয় না।সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, উপজেলা সদরের গুদাম থেকে ত্রাণের চাল-গম ইউনিয়নপর্যায়ে নিতে সরকার টনপ্রতি ২৩৭ টাকা খরচ দিচ্ছে। কিন্তু প্রতি ইউনিয়নে গড়ে টনপ্রতি পরিবহন খরচ ৫০০ টাকার বেশি পড়ে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক খাদ্য বিভাগের এক কর্মকর্তা জানান, ত্রাণের আতপ চাল অন্য জেলায় বিক্রির সঙ্গে জড়িত ওই ব্যবসায়ী চক্রের সঙ্গে খাদ্য বিভাগের উচ্চ মহলের যোগসাজশ আছে। বাজারে যাতে চালের দাম না পড়ে, সে জন্য খাদ্য বিভাগ যে অঞ্চলে আতপ চাল খায়, সেখানে সেদ্ধ চাল পাঠায় এবং যে অঞ্চলে খায় না, সেখানে আতপ চাল পাঠাচ্ছে। চালের অসাধু ব্যবসায়ীরা এ সুযোগটিই নিচ্ছেন।অনুসন্ধানে আরও জানা যায়, ভোলায় চালের কয়েকজন অসাধু ব্যবসায়ী ওই আতপ চাল ডলফিন, স্টার, হর্সসহ নানা প্রতিষ্ঠানের বস্তায় ভরে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিচ্ছেন। এসব বস্তার গায়ে বাজারের সেরা মিনিকেট চাল লেখা রয়েছে। কেজিপ্রতি ২৪-২৫ টাকায় কেনা এসব চাল চট্টগ্রাম ও সিলেট এলাকায় ৩৮ টাকা থেকে ৪৮ টাকায় বিক্রি করা হয়। এতে ক্রেতারা প্রতারিত হচ্ছেন।ভোলা খালপাড়ের চালের ব্যবসায়ী আলম ট্রেডার্সের পরিচালক মো. আলমগীর হোসেন তাঁর আড়তে এনে ত্রাণের বস্তার আতপ চাল প্রতিষ্ঠিত কোম্পানির বস্তায় ভরছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে ৭ জুন খালপাড় সড়কের আলমগীর হোসেনের আড়তে গিয়ে দেখা যায়, সাত-আটজন শ্রমিক ত্রাণের বস্তা খুলছেন। পরে দুজন শ্রমিক ওই বস্তা উঁচু করে চাল ডলফিন কোম্পানির বস্তার ভেতর ঢোকাচ্ছেন। ওই আড়তের এক শ্রমিক জানান, তাঁরা মালিকের নির্দেশে এ কাজ করছেন।আলমগীর হোসেন বলেন, ত্রাণের চাল হলেও তিনি বৈধভাবে এ চাল কিনেছেন। ভোলার মানুষ আতপ চাল খায় না। এ জন্য তিনি ওই চাল কিনে অন্য বস্তায় ভরে অন্যত্র পাঠাচ্ছেন। এটা কোনো প্রতারণা নয়।সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সেলিম ফকির বলেন, এটা ভিজিএফের চাল নয়। জিআর ও মুসলিম এইডের চালের ব্যবসায়ীরা কিনতে পারেন।মুসলিম এইডের দুর্যোগ সহনশীল ক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের জেলা সমন্বয়কারী আল আমিন বলেন, ‘বিশ্ব খাদ্য প্রকল্পের (ডব্লিউএফপি) আওতায় একজন শ্রমিক দেড় ঘনফুট মাটি কাটলে আড়াই কেজি খাদ্যশস্য পাবেন। খাদ্যশস্য হিসেবে শ্রমিকদের আতপ চাল এবং গমও দেওয়া হয়। আতপ চাল দিচ্ছে সরকার। আমরা শুধু কাজ তদারক করছি।’জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবোধ কুমার হাওলাদার বলেন, ‘ভোলায় আতপ চাল না দেওয়ার জন্য ওপরে বারবার লেখা হয়েছে। কারণ, ভোলার মানুষ আতপ চাল খায় না। ত্রাণের আতপ চাল কীভাবে বাজারে আসছে এবং ভোলার বাইরে চলে যাচ্ছে, তা নজরদারি করার দায়িত্ব আমাদের নয়, প্রশাসনের।’জেলা ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ এরশাদ জানান, ত্রাণের খাদ্যশস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাদ্দ দেয়। তারাই খাদ্যশস্য হিসেবে সেদ্ধ ও আতপ চাল পাঠায়। এ ব্যাপারে তাদের কিছু করার নেই।ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রবীর কুমার চক্রবর্তী জানান, তিনি বিষয়টি জানেন না। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।