ভোলার দুই উপজেলায় ভোট বর্জন
ভোলার বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলায় আজ বৃহস্পতিবার নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোটসহ নানা অনিয়মের অভিযোগে বিএনপি-সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। চরফ্যাশনে আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
বোরহানউদ্দিন: উপজেলায় কেন্দ্র দখল, ভোটদানে বাধা, সমর্থকদের মারধরসহ বিভিন্ন অভিযোগে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ভুঁইয়া ভোট বর্জনের ঘোষণা দেন। আজ বেলা পৌনে ১১টার দিকে এ ঘোষণা দেন তিনি।
চরফ্যাশন: উপজেলার চৌমুহনী এলাকায় আজ সকালে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিএনপি-সমর্থিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
কেন্দ্র দখল, জাল ভোটসহ নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেন আলমগীর নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।
এই ঘটনার প্রতিবাদে উপজেলায় আগামী শনিবার বিক্ষোভ এবং রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।