ভোলার দৌলতখানে লক্ষাধিক মানুষ পানিবন্দী
ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গুপ্তগঞ্জ বাজারের প্রিয়বালা দাস (৭৬) গত চার দিন ধরে চুলায় আগুন ধরাতে পারেনি। গত ৭ অক্টোবর রাতে দমকা ও ঝোড়ো হওয়ায় এবং অস্বাভাবিক জোয়ারের আকস্মিক ঢেউয়ে দুমড়ে-মুচড়ে যায় তাঁদের বসত ঘরটি। ঘরের সব আসবাব ভেসে যায় জোয়ারের পানিতে। কান্নাভেজা সুরে প্রিয়বালা বলেন, ‘একসুম আমগো সব আছিল। গেল মাসে বাড়ি-ঘর সব ভাইঙা গেছে ম্যাঘনায়। ভাঙনের আগে ঘরডা আইন্যা রাস্তার পাশে উডাইছিলাম। এই জোয়ারে হেইডাও গেছেইগ্যা। এহোন আমি কেমনে চলুম, ভগবান!’গত ৭ অক্টোবর টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে দৌলতখান বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় দুই কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়। বাঁধের কয়েকটি স্থান ভেঙে ভবানীপুর, সৈয়দপুর, চরপাতা, চরসূভী, মেদুয়াসহ প্রায় সবগুলো ইউনিয়ন প্লাবিত হয়। এতে চার দিন ধরে পানিবন্দী হয়ে আছেন উপজেলার লক্ষাধিক মানুষ। যারা বাঁধের বাইরে আছে, তারা দিনে পাঁচ-ছয় ঘণ্টা পানিমুক্ত থাকলেও বাঁধের ভেতরের মানুষেরা মানবেতর জীবন অতিবাহিত করছে।গতকাল রোববার দৌলতখান উপজেলা ঘুরে দেখা গেছে, উপজেলার সব পুকুর, গোয়াল ঘর, খেতের ফসল, পানের বরজ, শাক-সবজির খেত আর মাছের খামার পানিতে তলিয়ে আছে। নদীর ভাঙনে ও ঝোড়ো বাতাসে ঘরভাঙা অনেক পরিবার রাস্তায় খোলা আকাশের নিচে, বাঁধের ওপর ও বিদ্যালয় ভবনে আশ্রয় নিয়েছে। ভাঙনের সঙ্গে অতিরিক্ত দুর্ভোগ হিসেবে যুক্ত হয়েছে অস্বাভাবিক জোয়ার। এলাকার বেশির ভাগ গভীর নলকূপ ডুবে গেছে। তার পরও নিরুপায় এলাকাবাসী ওই পানিই পান করছেন। অধিকাংশ শিশু ও নারীদের চুলকানি, জ্বর ও পানিবাহিত রোগ দেখা দিয়েছে। গতকাল সকালে ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রুস্তুম আলী ফরাজীর বাড়িতে ঢুকে দেখা গেছে, ওই বাড়ির সব ঘরের মাটির ভিটা জোয়ারে ধুয়ে গেছে। পানিবন্দী বাড়িটির বাসিন্দা নুর জাহান বলেন, ‘চাইর দিন বাত খাই না। ঘরে যা আছিল ভাইস্যা গেছে। কিন্তুক কেউ এক মুট চাউল-চিরা দেয় নয়।’ তার সঙ্গে সুর মেলান হালিমা খাতুন, বিধবা আনোয়ারা, আনোয়ারা বেগম, জাহানারা বেগম, মরিয়ম বেগম, রিংকু, ইমরান, ইস্রাফিল, বিধবা নুরুন নাহারসহ আরও অনেকে। তাঁরা জানান, পানিবন্দী থাকায় চুলা জ্বালাতে পারছেন না। তাই রান্নাও হচ্ছে না। প্রায় অনাহারেই দিন কাটাচ্ছেন তারা। পানিবন্দী চৌধুরী বাড়ির আবুল বাশার চৌধুরী বলেন, ‘পেত্তেক দিন সোয়া হাত পানি ওডে জোয়ারের সুম। গত চাইর দিন ধইর্যা গুমাইতাম পারি না। দেহেন পাও ফুইল্যা ওটছে। শরীর ব্যথা।’ তিনি জানান, গতকাল পর্যন্ত কোনো ত্রাণকর্মী বা চিকিৎসা দলের দেখা পাননি তাঁরা।ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম নবী বলেন, ‘উপজেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবানীপুর ও সৈয়দপুর ইউনিয়ন। ভবানীপুরের মানুষ ভাঙনকবলিত। এবারের অস্বাভাবিক জোয়ারের স্রোতের তোড়ে অনেক পরিবারের ঘর-ভিটে ভেঙে যাওয়ায় তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। জানা গেছে, তাঁদের জন্য পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ করা হয়নি। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ করা হয়েছে শুকনো খাবার ও ৫০ মেট্রিক টন চাল। পানিবাহিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য চিকিৎসা দলও গঠন হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল চৌধুরী বলেন, ‘যে পরিমাণ ত্রাণ বরাদ্দ দেওয়া হচ্ছে, তা পর্যাপ্ত নয়। আরও ত্রাণ দরকার।’