ভোলার নদীভাঙন প্রতিরোধে চট্টগ্রামে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বীপ জেলা ভোলাকে মেঘনা ও তেঁতুলিয়ার ভাঙন থেকে রক্ষার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভোলায় নদীভাঙন প্রতিরোধ করতে প্রকল্পের কাজকে তিন ভাগে ভাগ করা হয়েছিল, যার মধ্যে দুটি ভাগ সফল হয়েছে। কিন্তু গত তিন বছরেও অবশিষ্ট কাজটুকু হয়নি। এতে ভোলা জেলা পূর্ব ও পশ্চিম ভাগে দ্বিখণ্ডিত হতে বসেছে। ভোলা ও দৌলতখান শহর এই ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে বলে বক্তারা জানান। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর কাছে চলতি অর্থবছরেই অবশিষ্ট প্রকল্পের কাজ সমাপ্ত করার দাবি জানান। বক্তব্য দেন ফোরামের আহ্বায়ক এম নজরুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, চট্টগ্রাম সার্কেলের সভাপতি মো. আতিকুল্লাহ, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীনুল ইসলাম প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. মন্জুর আলম। উদ্যোক্তারা দাবি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মানববন্ধন শেষে একটি স্মারকলিপি দেন।