ভোলার পতিত জমিতে সবজি চাষে লাভবান চাষিরা
ভোলার মেঘনা-তেঁতুলিয়ার তীরে ও চরের পতিত জমিতে আগাম সবজি চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন।সম্প্রতি সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের ও চরাঞ্চলের জমি বর্ষায় ডুবে যায়। আগে শীত মৌসুমে সেখানে কৃষকেরা ধান আবাদ করতেন আর বাঁধের ওপর অল্প কিছু মিষ্টি আলু, লাউ ও শিমের চাষ হতো। কিন্তু কয়েক বছর ধান চাষে ব্যাপক লোকসানের শিকার হয়ে কৃষকেরা ওই সব জমিতে সবজি চাষ করছেন। এখানে উৎপাদিত সবজি লঞ্চ ও ট্রাকে করে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।সদর উপজেলার ধনিয়া-কাচিয়া ও পূর্ব ইলিশা এলাকায় বাঁধের পাশে দেখা যায়, শত শত একরে চিচিঙ্গা, করলা, শসা, কুমড়া ও লাউ চাষ করা হয়েছে। মেঘনার মধ্যে জেগে ওঠা চরগুলোতেও সবজি চাষ করা হয়েছে। ফসলের খেতগুলো দূর থেকে দেখে মনে হয় যেন পানির মাঝখানে সবুজের দ্বীপ। পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর গ্রামের আবুল কাশেম (৫৭) বিশ্ব রোডের মাথা বিলে দুই একর জমিতে করলা ও চিচিঙ্গার চাষ করেছেন। এতে তাঁর প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। পৌষের শুরুতে জমি চাষ, বীজ বপন, মাচা তৈরি, নিড়ানি, সার-সেচ দেওয়ার পর মাঘ মাসে ফসল ঘরে তোলা শুরু হয়। আবুল কাশেম জানান, এ বছর তিনি সাড়ে তিন লাখ টাকার চিচিঙ্গা ও করলা বিক্রি করেছেন। আবহাওয়া ভালো থাকলে বৈশাখ মাস পর্যন্ত পাঁচ লক্ষাধিক টাকার সবজি বিক্রি করতে পারবেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার উপপরিচালক শান্তি রঞ্জন মণ্ডল বলেন, মেঘনা-তেঁতুলিয়ার তীরে ও মাঝের চরে পতিত জমিতে সবজির বাম্পার ফলন হচ্ছে, যা একটি ইতিবাচক দিক। তবে ধান চাষ থেকে কৃষকেরা মুখ ফিরিয়ে নিলে চলবে না।