ভোলার পাঁচ উপজেলা চেয়ারম্যানের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার উপজেলা পরিষদের চেয়ারম্যানেরা অভিযোগ করেছেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অনিয়মের কারণে জেলার উন্নয়নকাজে বিঘ্ন ঘটছে।গতকাল বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসক মিলনায়তনে মাসিক উন্নয়ন সভায় চেয়ারম্যানেরা এই অভিযোগ করেন। সভায় উপজেলা চেয়ারম্যানসহ অন্যান্য বিভাগের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।সদর উপজেলার চেয়ারম্যান ফজলুল কাদের মজনু, লালমোহনের এ কে এম নজরুল ইসলাম, তজুমদ্দিনের মোশারেফ হোসেন দুলালসহ পাঁচজন চেয়ারম্যান অভিযোগ করেন, এ তিনটি বিভাগের প্রতিটির উন্নয়নকাজের দরপত্র তফসিল ঘোষণা করা হয়েছে গোপন বিজ্ঞপ্তিতে। যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, তা ভোলায় আসে না। ফলে মোট উন্নয়নকাজের ৪৫ শতাংশ টাকা বাইরে চলে যায়। বাকি ৫৫ শতাংশ টাকা থেকে ঠিকাদারেরা লাভ করতে গিয়ে উন্নয়ন চলে আসছে তলানিতে। এ ছাড়া ঠিকাদারেরা কী উন্নয়নকাজ করছে, কোথায় করছে এ তথ্য উপজেলা পরিষদ জানে না। উপজেলা পরিষদকে না জানানোর ফলে ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চুরির সুযোগ বেশি পাচ্ছে।সদর উপজেলার চেয়ারম্যান ফজলুল কাদের মজনু বলেন, ‘ভোলা-খেয়াঘাট সড়ক নির্মাণকাজে ব্যয় হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। ছয়-সাত মাস যেতে না-যেতেই রাস্তা গর্তে ভরে গেছে। কিন্তু স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে মাসিক উন্নয়ন সভায় কখনোই পাওয়া যায় না।’ তাঁরা অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন।সভার সভাপতি ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রবীর কুমার চক্রবর্তী অভিযোগগুলো রেজ্যুলেশন করবেন বলে আশ্বাস দেন।