ভোলার বাঁধ নির্মাণ নিয়ে সংসদে ক্ষুব্ধ তোফায়েল
ভোলা শহর রক্ষা বাঁধের কাজ না হওয়ায় সংসদে ৭১ বিধির নোটিশে ক্ষুব্ধ কণ্ঠে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রবীণ সাংসদ তোফায়েল আহমেদ। এ সময় তিনি বলেন, পরিকল্পনা কমিশন অনেক ক্ষেত্রে দ্বৈত সরকারের ভূমিকা পালন করছে। ফলে মন্ত্রণালয় চাইলেও কাজ হচ্ছে না।জাতীয় সংসদে গতকাল সোমবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের পর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে তোফায়েল আহমেদ এ কথা বলেন। তিনি জরুরি ভিত্তিতে ভোলা শহর রক্ষা বাঁধের তৃতীয় পর্বের কাজ শুরুর ব্যবস্থা গ্রহণের জন্য নোটিশটি উত্থাপন করেন।নোটিশের জবাবে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, ভোলার বাঁধের কাজ তিন ‘ফেইজে’ করা হবে। প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। পরিকল্পনা কমিশনে আরেক দফার কাজের প্রস্তাব পাঠানো হয়েছে।বাঁধের ১ দশমিক ৯ কিলোমিটার ক্ষতিগ্রস্ত অংশকে সামান্য আখ্যায়িত করেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ে বাঁধের ১ দশমিক ৯ কিলোমিটারের কাজ করা হবে।রমেশ চন্দ্র সেনের বক্তব্যের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘মন্ত্রীর বক্তব্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই। ১ দশমিক ৯ কিলোমিটারকে তিনি সামান্য বলছেন। উনি বলছেন, ফেইজ বাই ফেইজ কাজ করা হবে। কিন্তু, নদী তো ফেইজ বাই ফেইজ ভাঙে না।’ তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলেও পরিকল্পনা কমিশন বাধার সৃষ্টি করে। কমিশন দ্বৈত সরকারের ভূমিকা পালন করছে। মন্ত্রণালয় ২০ কোটি টাকার কথা বললেও কমিশন তিন কোটি টাকা দেয়। মন্ত্রণালয় সুন্দর সিদ্ধান্ত নিলেও কমিশন তা আটকে দেয়।’আগামী অর্থবছরে ভোলা শহর রক্ষার বাঁধের জন্য কোনো বরাদ্দ রাখা হচ্ছে না বলেও ক্ষুব্ধ কণ্ঠে জানান তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বাজেট সংসদে পেশ না হলেও জানা গেছে এ খাতে কোনো বরাদ্দ নেই। এটা দুর্ভাগ্যজনক।’ তিনি বলেন, আগামী অর্থবছরের মধ্যে এই বাঁধের কাজ শেষ করা না হলে, ভোলা শহর রক্ষা বাঁধকে রক্ষা করা যাবে না।এরপর পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, ‘তোফায়েল আহমেদ একজন প্রথম সারির নেতা। তিনি বললেই তো আমরা কাজ করি। আমরা তো বসে নেই।’ আগামী অর্থবছরের মধ্যে এ কাজ শেষ করার চেষ্টা করা হবে বলে তিনি জানান।