ভোলার বাংলাবাজার-দৌলতখান সড়কে বড় বড় গর্ত

সংস্কার না করায় ভোলার বাংলাবাজার-দৌলতখান সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, বাংলাবাজার থেকে দৌলতখান হাসপাতাল পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানের পিচ উঠে গেছে। এ সড়কের বাংলাবাজার, দলিলখাঁরহাট ও কলিম পাটওয়ারী বাড়ি থেকে দৌলতখান বাসস্ট্যান্ড পর্যন্ত আট কিলোমিটার অংশে বড় বড় গর্ত। ওই সব গর্তে পানি ভরা।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটির উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। এ কারণে প্রতিদিনই এই সড়কে সৃষ্ট গর্তে গাড়ি আটকে পড়ে। এলাকার লোকজন এসে ইট, কাঠ, গাছের গুঁড়ি ও রশি দিয়ে আটকে পড়া গাড়ি টেনে তোলেন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ভোলা কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১১ সালে এ সড়কে সংস্কারকাজ করা হয়।
ওই পথে প্রতিদিন চলাচলকারী বাসমালিক অসীম দে বলেন, সড়কটি খারাপ থাকায় আধ ঘণ্টার রাস্তা পার হতে এক ঘণ্টা লাগছে। প্রতিদিন বাসের বিভিন্ন যন্ত্রাংশ বিকল হচ্ছে।
দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বসির আহমেদ বলেন, ভাঙা সড়ক দিয়ে অ্যাম্বুলেন্সে করে রোগীদের আনতে গেলে ঝাঁকুনিতে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়েন। বাসচালক মো. শাহাবুদ্দিন বলেন, ভোলার অন্য সড়ক ততটা খারাপ না হলেও বাংলাবাজার থেকে দৌলতখান উপজেলায় যাওয়ার সড়কটি অনেকটা চলাচল অনুপযোগী হয়ে গেছে। এতে তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন।
সওজের ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহীন সরকার বলেন, একটি গুচ্ছে মোট সাড়ে সাত কোটি টাকার সড়ক সংস্কার কাজের দরপত্র আহ্বান ও কার্যাদেশ হবে আগামী নভেম্বরে। এর মধ্যে বাংলাবাজারের পৌনে পাঁচ কিলোমিটার সড়ক রয়েছে। কিন্তু ১২ কিলোমিটার সড়ক সংস্কার করা দরকার। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বৃষ্টি হলে এই পথে চলাচল করা খুবই কষ্টকর। সড়কটি প্রশস্ত ও সংস্কার করা জরুরি।