ভোলার বাজারে স্থানীয় লিচু

জ্যৈষ্ঠের শুরুতে ভোলার বাজারে সাধারণত যশোরের লিচু ওঠে। তারপর ওঠে রাজশাহী অঞ্চলের লিচু। লিচুগুলো কখনো খুব মিষ্টি, কখনো টক, আবার পানশে স্বাদের হয়। এসব লিচুতে রাসায়নিকও ছিটান অনেক বিক্রেতা। তবে এবার জ্যৈষ্ঠ মাস শুরুর ১৫ দিন আগেই ভোলার বাজারে উঠেছে স্থানীয় লিচু।
ভোলার লিচু খোসা ছাড়িয়ে মুখে দিতেই রসে ভরে গেল। স্বাদও ভালো। বেশ মিষ্টি। ভোলার কার বাগানের লিচু—জিজ্ঞেস করতেই বিক্রেতা বললেন, বিপ্লব মোল্লার। ইয়ানুর রহমান বিপ্লব। তিনি পেশায় ব্যবসায়ী ও কৃষক। সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও তিনি। খোঁজ নিয়ে জানা গেল, জনসেবার কাজ সেরে বেশির ভাগ সময় ইয়ানুর খামারে চাষাবাদে ব্যস্ত থাকেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা মৃত্যুঞ্জয় দে জানান, ভোলার গৃহস্থ লোকজনের বাড়িতে, শখের বসে ছাদের টবে দু্-একটি গাছে লিচুর ফলন হয়। তবে তা বাজারে বিক্রি হতে দেখা যায়নি। এই প্রথম স্থানীয় বাজারে ভোলার লিচু বিক্রি হচ্ছে।
লিচুবাগান খুঁজতে গিয়ে ভোলার উত্তরে রাজাপুর ইউনিয়নের চর মনষা গ্রামে দেখা গেল, ৪০ একর জমির ওপর বিশাল খামার। চারদিকে গাছ দেয়ালের মতো ঘিরে আছে। এর একাংশে মাছের চাষ এবং সবজি ও ধানের আবাদ। আট একর জমির ওপর আছে আম, কলা, লেবু, কাঁঠাল, পেঁপে ও লিচুর বাগান। সবুজ পাতার ফাঁকে লাল থোকা থোকা লিচু। এ ফলের বাগানটির পরিচর্যা করেন ইয়ানুর রহমান নিজেই। সঙ্গে থাকেন বাসু মিয়া। বুধবার লিচুর বাগানে ঢুকেই দেখা গেল, বাসু লিচু তুলছেন। তিনি বলেন, ১২ মে আড়াই হাজার লিচু বিক্রি করেছেন ৩০০ টাকা শ দরে।
ইয়ানুর রহমান বলেন, ২০০৫ সালে দিনাজপুর থেকে লিচুগাছের ৪০টি কলম এনে রোপণ করেন। এগুলো ছিল চায়না-১, বোম্বাই ও মোজাফ্ফরি জাতের। পরের বছরই লিচুর ফুল আসে। সে ফুল ভেঙে দেন তিনি। কারণ, ছোট গাছে ফল এলে ভবিষ্যতে গাছ দুর্বল হবে, ভালো ফলন আসবে না। ২০১০ সাল থেকে আস্তে আস্তে লিচুর ফলন শুরু হয়। লাভের মুখ দেখেন ২০১৩ সালে। ২০১৪ সালে দেড় লাখ টাকার লিচু বিক্রি করেন। চলতি বছর বিক্রি দুই লাখ টাকা ছাড়িয়ে যাবে।
কীভাবে গাছের পরিচর্যা করেন জানতে চাইলে ইয়ানুর রহমান বলেন, গাছগুলো যেন বন্যার পানি না ছুঁতে পারে সেদিকে নজর রাখতে হয় সবার আগে। ফল ছেঁড়ার পর গাছের গোড়ায় জৈবসার আর পাতায় ছত্রাকনাশক ছিটাতে হয়।