আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ তোফায়েল আহমেদ ভোলার বিদ্যুৎ বিপর্যয়ের জন্য ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) কর্মকর্তাদের দায়ী করে বলেছেন, ভোলার মানুষ একদিকে যখন অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে আছেন, তখন সব উৎস থেকে এখানে আসা বিদ্যুৎ লাইনও বিকল হয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে কষ্ট করে স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে আসা মানুষ দুঃখ ভারাক্রান্ত মনে কর্মস্থলে ফিরে গেছেন।
গতকাল বুধবার বিকেলে ভোলা জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এক টেলিকনফারেন্সের মাধ্যমে তোফায়েল আহমেদ জনগণের উদ্দেশে এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ওজোপাডিকোর কর্মকর্তাদের অবহেলার কারণেই ভোলাবাসীর এ দুরবস্থা হয়েছে। গত ২ জুলাই ভোলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ওজোপাডিকোকে চিঠি দিয়ে যেকোনো মুহূর্তে ৩৪ দশমিক ৫ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছিলেন। কিন্তু ওজোপাডিকোর কর্মকর্তারা কোনো গুরুত্ব দেননি।
আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা আরও অভিযোগ করে বলেন, ওজোপাডিকো ভোলাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। সংস্থাটি ভোলার বিদ্যুতের দায়িত্ব নেওয়ার পর কোনো ট্রান্সমিটার, যন্ত্র ও কেব্ল (তার) পরিবর্তন করেনি। ওজোপাডিকোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তি হওয়া উচিত।
তোফায়েল আহমেদ বলেন, অনেক চেষ্টার পর ভোলা-পটুয়াখালী ৩৩ কেভি বিদ্যুৎ লাইন সংস্কার করা হয়েছে। কিন্তু তা দিয়ে বিদ্যুতের চাহিদা পূরণ হচ্ছে না।
টেলিকনফারেন্সে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান, ভোলা জেলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, সাংবাদিক আবু তাহের প্রমুখ।