প্রায় সাড়ে আট মাস পর বেসরকারি খাতের ভোলার সাড়ে ৩৪ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি ২ এপ্রিল চালু হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে কেন্দ্রটির উদ্যোক্তা ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেডের নির্বাহী পরিচালক মো. মামুন হায়দার তাঁর কার্যালয়ে আয়োজিত কেন্দ্রটি বন্ধ থাকার জন্য তাঁদের বিরুদ্ধে ছড়ানো অভিযোগের প্রতিবাদ করে বলেন, ‘পিডিবি তাদের সমস্যা আমাদের ওপর চাপাচ্ছে।’ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অভিযোগ ছিল, ভেঞ্চার কেন্দ্রটির নির্মাণকাজ যেমন সময়মতো শেষ করতে পারেনি, তেমনি কেন্দ্রটি চালু করার পর থেকেও বারবার বিকল হয়েছে। সর্বশেষ গত বছরের ১৮ জুলাই বিকল হয়েছিল, যা প্রায় সাড়ে আট মাস পর ২ এপ্রিল চালু হয়। এ অভিযোগ সম্পর্কে সংবাদ সম্মেলনে বলা হয়, একটি বিদ্যুৎকেন্দ্র বসাতে আট থেকে ১৮ মাস সময় লাগে। কিন্তু তৎকালীন সরকার জোর করে চার মাসের মধ্যে কেন্দ্রটি নির্মাণে বাধ্য করে। ফলে কম সময়ের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই কেন্দ্রটি বসাতে হয়েছে। গত বছরের ১৮ জুলাই কেন্দ্রটি বিকল হওয়ার প্রধান কারণ হিসেবে বলা হয়, ভোলায় পিডিবির বিতরণ লাইন অনেক পুরোনো। দীর্ঘদিন তা সংস্কারও করা হচ্ছে না। ফলে ঘন ঘন ত্রুটি দেখা দেয়। ভোলায় পাঁচটি বিতরণ লাইনের সব কটি ব্রেকারই বিকল থাকে। ফলে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা না থাকায় কেন্দ্রটি বন্ধ রাখতে হয়। অথচ দোষ দেওয়া হয় ভেঞ্চার এনার্জির। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দীর্ঘ সাড়ে আট মাস পর ২ এপ্রিল আরও আধুনিকায়ন করে কেন্দ্রটি চালু করা হয়েছে। এখন আর কেন্দ্রটিতে কোনো সমস্যা নেই। কিন্তু পিডিবির কারণে হয়তো আবারও বন্ধ হতে পারে। এ জন্য ভোলার মান্ধাতা আমলের বিদ্যুৎ লাইন সংস্কার ও প্রত্যেকটি বিতরণ লাইনের ব্রেকার সচল রাখার দাবি করেন তিনি। মামুন হায়দার বলেন, ‘আমরা ভোলায় আরও ২০-২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বসানোর ক্ষমতা রাখি। অন্য কোম্পানি যে বিদ্যুৎ দিতে পারবে প্রতি ইউনিট চার টাকা ৯৫ পয়সা দরে, ভেঞ্চার সরকারকে তা দিতে পারেব তিন টাকা থেকে তিন টাকা ১৬ পয়সায়। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মামুন হায়দার বলেন, তাঁদের ১১ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আনা আছে। অন্যদিকে সাড়ে ৩৪ মেগাওয়াটের কেন্দ্রটি কম্বাইন্ড সাইকেলে রূপান্তর করে (একটি কেন্দ্রের তাপ ব্যবহার করে তার চেয়ে অর্ধেক ক্ষমতার আরেকটি ইউনিট চালানো) আরও ১৫ মেগাওয়াাট বিদ্যুৎ উৎপাদন করার সুযোগ আছে অতিরিক্ত জ্বালানি ছাড়াই। পিডিবির ভোলার নির্বাহী প্রকৌশলী এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভোলার সড়কের দুই পাশে গাছ বেশি এবং সড়কগুলো সরু। এ কারণে ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ লাইনে বেশি ত্রুটি দেখা দেয়। ভেঞ্চার এনার্জির অভিযোগ পুরোপুরি সত্য নয়।