ভোলার বিদ্যুৎকেন্দ্রটি শিগগির চালু হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় গ্যাসভিত্তিক সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বিকল হওয়ার দুই মাস পরও মেরামত করা সম্ভব হয়নি। বিকল হওয়ার সময় কর্তৃপক্ষ ১৫-২০ দিনের মধ্যেই মেরামত হওয়ার কথা বলেছিল। তবে এখন বলছে, আরও তিন মাস সময় লাগবে।পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) ভোলার সহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র দে প্রথম আলোকে জানান, গত ১৮ জুলাই কেন্দ্রটি বন্ধ হওয়ার পরে বরিশাল গ্রিড থেকে আসা সাত মেগাওয়াট বিদ্যুৎ ভোলায় সরবরাহ করা হচ্ছে। বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। সমস্যা হলো লো-ভোল্টেজের।চরফ্যাশনের বাসিন্দা মনির আহমেদ বলেন, গত দুই মাস যে বিদ্যুৎ মিলছে, তাতে মারাত্মক লো-ভোল্টেজ। বাতিতে আলোর রেখা দেখা গেলেও ফ্রিজ-টিভি চলছে না। একই অভিযোগ ভোলা, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও লালমোহন উপজেলার গ্রাহকদের। বরফ কলের মালিক নাসির উদ্দিন জানান, ভোলার সব বরফ কল এখন চলছে বেশি দামের ডিজেল ইঞ্জিনে। কারণ বিদ্যুতের ভোল্টেজ নেই।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ভোলা খেয়াঘাটের কাছে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেড ৩৪ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি নির্মাণ করে। নির্মাণকাজের শুরুতেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। ২০০৯ সালের মে মাসে পরীক্ষামূলক এবং জুলাইয়ে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভোলার ব্যবস্থাপক (ডিজেল) নজরুল ইসলাম জানান, ভেঞ্চার এনার্জি রিসোর্স কেন্দ্রটিতে ফ্রান্সের নিম্নমানের রিকন্ডিশন ইঞ্জিন ব্যবহার করেছে। এ জন্য কয়েক মাস পরপর বিকল হচ্ছে। আর মাসুল গুনতে হচ্ছে ভোলাবাসীকে। তিনি আরও জানান, সর্বশেষ গত ১৮ জুলাই কেন্দ্রে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। এরপর ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ প্রকৌশলী ত্রুটি মেরামতে ব্যর্থ হন। এমনকি প্লান্টের ত্রুটি শনাক্ত করতেই প্রায় এক মাস সময় লেগে যায়। জানা গেছে, কেন্দ্রের কয়েল পুড়ে গেছে।ভেঞ্চার এনার্জি রিসোর্সের এই কেন্দ্রের ব্যবস্থাপক হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, চুক্তি অনুযায়ী ফ্রান্স ও ভারতের প্রকৌশলী কয়েল তৈরির জন্য কাজ করছেন। তবে প্লান্ট চালু করতে আরও তিন মাস সময় লেগে যাবে।