ভোলার মেঘনায় চার জলদস্যুকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিনে চার জলদস্যুকে জেলেরা পিটিয়ে মেরেছেন বলে জানা গেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে মেঘনার মাঝে তেলিয়ার চরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ দস্যুদের কাছ থেকে কিছু ধারালো অস্ত্রসহ একটি বিদেশি বন্দুক উদ্ধার করে। ভোলার পুলিশ সুপার মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ও স্থানীয় জেলেরা জানান, মেঘনার ত্রাস জয়নাল আবেদীন ‘স্পিকার বাহিনী’র সদস্যরা মেঘনায় ডাকাতি করতে গেলে অজিউল্যাহ বাহিনী ধাওয়া করে। ধাওয়া খেয়ে তারা ভোলার চর জহিরুদ্দিনের তেলিয়ার চরে আশ্রয় নেয়। এ সময় জেলেরা দস্যুদের চিনতে পেরে ঘিরে ফেলেন। এ সময় জেলেদের গণপিটুনিতে জয়নাল বাহিনীর প্রধান জয়নাল স্পিকার, গিয়াস উদ্দিন বাহিনীর প্রধান গিয়াস উদ্দিন, ফোরকান বাহিনীর দ্বিতীয় প্রধান জহির উদ্দিন ও সামসুদ্দিন নামের চার জলদস্যু নিহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ রাত ১১টায় লাশগুলো নিয়ে তজুমদ্দিন থানায় ফিরছিল। জয়নাল আবেদীনের বাড়ি রামগতি থানার জনতা বাজার এলাকায়। তাঁর বিরুদ্ধে রামগতি ও ভোলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।