ভোলার সংরক্ষিত বনে গাছ কেটে রাস্তা নির্মাণ কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত বন হিসেবে ঘোষিত ভোলার চর কুকরি-মুকরিতে গাছ কেটে রাস্তা নির্মাণের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি রাস্তা নির্মাণ কার্যক্রম কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংরক্ষিত বনে গাছ কেটে রাস্তা নির্মাণ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করে বেলা।একই সঙ্গে আদালত কুকরি-মুকরির গাছগুলো রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন। পরিবেশসচিব, ভূমিসচিব, স্থানীয় সরকারসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও ভোলার জেলা প্রশাসকসহ ১৭ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।জানা যায়, ২০০১ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় চর কুকরি-মুকরিকে সংরক্ষিত বন ঘোষণা করে। সেখানে রাস্তা নির্মাণের ক্ষেত্রে প্রথমে বন মন্ত্রণালয় আপত্তি জানালেও পরে ২০১০ সালের ১৬ মে সেখানে গাছ কাটার অনুমতি দিয়ে রাস্তা নির্মাণের পক্ষে অনুমোদন দেয়।