ভোলার সিকদারের চরে ভূমিদস্যুদের হামলা
ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের সিকদারের চরে গতকাল বুধবার দুপুরে ভূমিদস্যুরা হামলা করে। হামলায় কমপক্ষে ১৫ জন আহত হন। চরের ভূমিহীনেরা অভিযোগ করেছেন, তাঁদের পাঁচটি ঘরে আগুন দিয়েছে হামলাকারীরা। আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা একটার দিকে তিনটি ট্রলারে ৫০-৬০ জন অস্ত্রধারী ভূমিদস্যু চরে গিয়ে ভূমিহীনদের ওপর হামলা করে। এ সময় বাচ্চু ব্যাপারী, রতন মাঝি, ফখরুল ফরাজী, আনোয়ারা বেগমের ঘরে আগুন ধরিয়ে দেয় তারা। হামলাকারীরা ৫০টি ভূমিহীন পরিবারের ঘরে লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় কমপক্ষে ১৫ জন আহত হন। হামলার সময় ভূমিদস্যুরা সিকদারের চরের ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেককে (৪০) অপহরণের চেষ্টা করে। তিন ঘণ্টা পর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। ভূমিহীন সমিতির সভাপতি আবদুল মান্নান মেলকার জানান, দুই বছর আগে ভূমিদস্যুদের সঙ্গে প্রশাসনের মধ্যস্থতায় চরের সীমানা নির্ধারণ করা হয়। এক পাশে ভূমিহীন ও অন্য পাশে ভূমিদস্যুদের সীমানা রয়েছে। এভাবেই তাঁরা এ চরে চাষাবাদ করে আসছেন। কিন্তু ভূমিহীন পরিবারদের চর থেকে উৎখাত করার জন্য গতকাল অতর্কিতভাবে এ হামলা চালানো হয়। হামলার সত্যতা নিশ্চিত করে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মল্লিক জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। সিকদারের চরের ভূমিহীন পরিবারের সদস্য পিয়ারা বেগম জানান, ভূমিহীন পরিবারের ওপর এ ধরনের হামলা এর আগেও চালিয়েছে ভূমিদস্যুরা। তিন বছরে একাধিকবার লুটপাট, অগ্নিসংযোগ ও এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে।