ভোলার ১০টি নৌপথে যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশা ও শীতে ভোলার ১০টি নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে। দিনের ১০-১৫ ঘণ্টা ফেরি না চলায় ভেদুরিয়া-লাহারহাট ও ইলিশা-মজুচৌধুরীর হাট ফেরিঘাটে প্রায় প্রতিদিনই কয়েক শ যানবাহন আটকে থাকে। লঞ্চগুলো বিলম্বে পৌঁছানোর কারণে শীতের মধ্যে যাত্রীরা পড়ছে চরম দুর্ভোগে।
এ ছাড়া কুয়াশা ও শীতে নৌপথে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব ঘটনায় গত এক মাসে দুজন নিহত ও একজন নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার লঞ্চঘাট ও ফেরিঘাট ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ভোলা ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক আবুল আলম হাওলাদার ও ভেদুরিয়া ফেরিঘাটের নির্বাহী সহকারী জসিম উদ্দিন জানান, এক মাস ধরে প্রতিদিন নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়ায় ফেরি, লঞ্চসহ নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরি, জাহাজ ও লঞ্চ মাঝ নদীতে আটকে থাকছে। মেঘনার নৌপথে প্রায়ই মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় জেলে, যাত্রী ও মালবাহী ট্রলার ডুবছে। গত এক মাসে লঞ্চ ও জাহাজের ধাক্কায় তিনটি নৌযান ডুবেছে। দুজনের লাশ পাওয়া গেছে। একজন এখনো নিখোঁজ রয়েছে।
তাঁরা আরও জানান, ভোলার ইলিশা-লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট নৌপথে বর্ষার সময়ে দুটি ফেরি চারবার করে আটবার যাওয়া-আসা করত। এখন সেখানে একটি ফেরি একবার গেলে ফিরে আসতে পারে না। ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকে থাকছে। একই অবস্থা ভোলা ভেদুরিয়া-বরিশাল লাহারহাট নৌপথে চলাচল করা দুটি ফেরির।
গতকাল ভোলার ইলিশা ও ভেদুরিয়া ফেরিঘাটে দুই শতাধিক বাস ও ট্রাক আটকে থাকতে দেখা যায়। গতকাল বিকেল তিনটার দিকে বিআইডব্লিউটিসির ইলিশা ফেরিঘাটের সহব্যবস্থাপক শিহাবউদ্দিন প্রথম আলোকে জানান, সময়মতো ফেরি চলাচল না করায় ঘাটে চার শতাধিক যান আটকে আছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার খায়েরহাট এলাকার বাসিন্দা চট্টগ্রামগামী যাত্রী আবদুল আলীম হাওলাদার জানান, ‘চট্টগ্রাম যাব বলে চরফ্যাশন থেকে ছেড়ে আসা বাসে ইলিশা ফেরিঘাটে এসেছি সকাল সাড়ে আটটার দিকে। বেলা তিনটা বাজলেও ফেরি আসেনি।’ বউ ছেলেমেয়ে নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানান।
গ্লোরী অব শ্রীনগর লঞ্চের মাস্টার আবুল কাশেমসহ একাধিক যাত্রীবাহী লঞ্চের মাস্টার জানান, ঘন কুয়াশায় আস্তে আস্তে লঞ্চ চালাতে হচ্ছে। ভোলার আটটি ঘাট থেকে ছেড়ে যাওয়া ১৫টি লঞ্চ সময়মতো ঘাটে পৌঁছাচ্ছে না। লঞ্চগুলোর ছয় ঘণ্টার পথ আট থেকে ১০ ঘণ্টা লেগে যাচ্ছে।
ঢাকাগামী লঞ্চযাত্রী হেলিপ্যাড সড়কের বাসিন্দা হামিদুর রহমান ও কালীবাড়ি রোডের হেলাল উদ্দিন জানান, শীতে লঞ্চে নদীর মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে খুব কষ্ট হয়।