ভোলার ৩৫ কিমি সড়ক গর্তে ভরা
ভোলার মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের প্রায় ৩৫ কিলোমিটার ব্যবহারের অনুপযোগী। মেঘনা নদীর ভাঙন, অস্বাভাবিক জোয়ার ও অতিবৃষ্টিতে সড়কগুলোতে অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। তার পরও চলতি অর্থবছরে কোনো সংস্কারকাজই হয়নি রাস্তাগুলোতে। এদিকে কাদা-পানিতে একাকার সড়কগুলোতে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগে পড়েছে মানুষ।
ভোলা সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, ভোলায় সড়ক বিভাগের প্রায় ২৪৮ কিলোমিটার সড়ক আছে। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের যে অংশটুকু ভোলার মধ্যে পড়েছে, তার ১০ কিলোমিটারে তৈরি হয়েছে ছোট-বড় নানা গর্ত। ২০১৩ সালের অস্বাভাবিক জোয়ারের পানিতে রাস্তাটি তখন ডুবে যায়। এতে বিটুমিনের স্থায়িত্ব কমে ভেদুরিয়া থেকে দক্ষিণ রাজাপুর পর্যন্ত সড়কটি নষ্ট হয়ে গেছে। এ ছাড়া সড়কের পাশের মাটি ধুয়ে নিচু গর্ত তৈরি হয়েছে।
ভোলা জেলা বাসচালক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান হাওলাদার বলেন, ভোলার অধিকাংশ সড়কের দুই পাশে ফুটপাত নেই। সড়ক থেকে ফুটপাতের অংশে অনেক নিচু গর্তের সৃষ্টি হয়েছে। তখন অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকে।
সদর উপজেলার দক্ষিণ রাজাপুরের চডারমাথা থেকে ফেরিঘাট পর্যন্ত এক কিলোমিটার মহাসড়কের এক-তৃতীয়াংশ মেঘনা নদীতে বিলীন হয়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাসচালক আলমগীর হোসেন, রিপন পঞ্চায়েত, ইউসুফ হোসেনসহ একাধিক চালক বলেন, এক বছর ধরে এসব রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, সড়ক বিভাগ নামমাত্র সংস্কার করলেও কিছুদিন পরেই আবার গর্ত হয়ে যায়।
ভোলা-চট্টগ্রাম পথে চলা দূরপাল্লার বাস মালিক সমিতির আহ্বায়ক আবু মিয়া বলেন, মেঘনার ভাঙনের কারণে বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়ক অরক্ষিত। যেকোনো মুহূর্তে এ সড়ক দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এমনটা হলে প্রায় ২১ জেলার মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে।
ভোলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহীন সরকার প্রথম আলোকে বলেন, বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের অংশ দক্ষিণ রাজাপুর সড়কের পাশের মেঘনার এক কিলোমিটার তীর সংরক্ষণে ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। তবে অন্য কোনো সড়ক সংস্কার বা নির্মাণ করা হয়নি। শুকনো মৌসুমে সংস্কার করা হবে।