ভোলার ৩৬ চরে লাখো পরিবার পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক জোয়ার ও টানা বর্ষণে ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ৩৬টি চরের লক্ষাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তাদের মাথা গোঁজার জন্য নেই কোনো সাইক্লোন শেল্টার বা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র; নেই গরু-ছাগলের জন্য কেল্লা। বাধ্য হয়ে লোকজন ঘরের চালে, মাচার ওপর ও স্কুলঘরে আশ্রয় নিচ্ছে।মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলাউদ্দিন হাওলাদার বলেন, ঝড়-জলোচ্ছ্বাসের সঙ্গে যোগ হয়েছে অস্বাভাবিক জোয়ার। কিন্তু কলাতলীর চরসহ বিচ্ছিন্ন চরগুলোতে জোয়ারের পানি প্রতিরোধের জন্য নেই বেড়িবাঁধ ও স্লুইস গেট। প্রতি মাসে অমাবস্যা ও পূর্ণিমায় চরে পাঁচ-ছয় হাত পানি উঠবেই। আজ তিন দিন চরের ১৫ হাজার পরিবার পানিবন্দী। কিন্তু তাদের আশ্রয়ের জন্য কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নেই।মদনপুরের পানিবন্দী লুৎফুর রহমান পাটওয়ারী বলেন, ‘সরকার আমাগো মরণের পর সাইক্লোন শেল্টার দিব।’ চরবাসীর দাবি, চরগুলোকে নিরাপদ আবাসে পরিণত করতে চারপাশে উঁচু রিংবাঁধ, স্লুইস গেট ও পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা দরকার।চরগুলোর আওতাভুক্ত ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার ৩১টি চরে কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নেই। অন্যদিকে তজুমদ্দীন উপজেলার চর জহিরুদ্দীন, মনপুরা উপজেলার চর নিজাম, চরফ্যাশন উপজেলার চর কুকরিমুকরি, ঢালচর ও চর পাতিলায় আশ্রয়কেন্দ্র থাকলেও তা পর্যাপ্ত নয়। এসব চরের প্রতিটিতে এক থেকে ১৫ হাজার পরিবার বসবাস করে বলে স্থানীয় জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে। চরগুলোতে লক্ষাধিক গরু-মোষ আছে। কৃষি কার্যালয়ের তথ্যানুযায়ী, এই ৩৬টি চরে প্রায় ৫০ হাজার হেক্টর জমি আছে; যে জমিতে বেড়িবাঁধ দিলে তিনটি ফসল উৎপাদন করা সম্ভব।চর জহিরুদ্দীনের মো. ফারুক ও মো. ফরিদ হাওলাদার জানান, তাঁদের আর কোনো আশ্রয় না থাকায় চরে এসে বসবাস শুরু করেছেন। বাঁধ না থাকার কারণে চরগুলো অরক্ষিত। এর ওপর প্রতিবছর ঝড়-জলোচ্ছ্বাস ও উচ্চজোয়ার চরে বসবাস আরও ঝুঁকিপূর্ণ হয়েছে।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির ভোলা জেলার উপপরিচালক বশির আহমদ প্রথম আলোকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে জোয়ারের উচ্চতা বৃদ্ধি এবং টানা বৃষ্টির কারণে ধরতে গেলে ভোলা এখন পানির নিচে। ভোলার চরাঞ্চলের মানুষ আরও অনিরাপদ। সেখানে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নেই। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উচিত এসব চরের চারপাশে উঁচু করে বেড়িবাঁধ দেওয়া।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. এরশাদ আলী প্রথম আলোকে বলেন, ‘সিডর-আইলার পর চরাঞ্চলে কী পরিমাণ আশ্রয়কেন্দ্র ও কেল্লা নির্মিত হয়েছে, আমি জানি না। তবে আমরা একটা চাহিদা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম।’পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান বলেন, ‘ভোলার বিচ্ছিন্ন চরগুলোতে বাঁধ দেওয়ার জন্য জরিপ করা হয়েছে। সেই জরিপের প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে। এখন কী অবস্থায় আছে বলতে পারব না।’ভোলার জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম প্রথম আলোকে জানান, আশ্রয়কেন্দ্র ও কেল্লা নির্মাণের জন্য উপজেলা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছিল। চরগুলোতে জরিপ করা হয়েছে। কিছু স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণ করা হচ্ছে। আরও হবে।