ভোলার ৫টি লঞ্চ রুটে রোটেশন পদ্ধতি বাতিল
ভোলার পাঁচটি লঞ্চ রুটে ঈদ উপলক্ষে রোটেশন পদ্ধতি বাতিল এবং ঝুঁকিপূর্ণ নৌ-রুটে ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকা চলাচল নিষিদ্ধ করা হয়েছে।এ ছাড়া বাসে ও লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়া, অতিরিক্ত যাত্রী বহন ও যাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করা যাবে না। এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, কোস্টগার্ড, র্যাব নিয়মিত টহলে বসবে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন মিলনায়তনে ঈদের প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা প্রশাসক (ডিসি) মেসবাহুল ইসলাম বলেন, ভোলা-ঢাকা, ভোলা-বোরহানউদ্দিন, ভোলা-দৌলতখান-তজুমদ্দিন-মনপুরা, ভোলা-লালমোহন ও ভোলা-চরফ্যাশন লঞ্চ রুটে আগামী ৫ সেপ্টেম্বর থেকে রোটেশন পদ্ধতি চলবে না। ফিটনেস অনুযায়ী যাত্রী ওঠাতে হবে। অতিরিক্ত যাত্রী ও হ্যাসের (খোন্দল) ভেতর কোনো যাত্রী নেওয়া যাবে না। বাস ও লঞ্চে যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। লোকাল লঞ্চে যাত্রীদের যেখানে-সেখানে নামিয়ে দেওয়া যাবে না। ঝুঁকিপূর্ণ নৌ-যান বন্ধ করা হবে। ছোট ইঞ্জিনের নৌকায় যাত্রী পারাপার বন্ধ করা হবে। ডিসি জানান, ঈদ উপলক্ষে ভোলার দুটি রুটে ফেরি ও সি-ট্রাক নিয়মিত চলবে। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার জন্য ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, কোস্টগার্ড ও র্যাব মোতায়েন করা হয়েছে।লঞ্চমালিকদের প্রতিটি লঞ্চে ছয়জন আনসার সদস্য মোতায়েন এবং তাদের লঞ্চে সর্বক্ষণ টহলে থাকার নির্দেশ দেন ডিসি। এ ছাড়া তিনি পরীক্ষা না করে গরু জবাই ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি না করার নির্দেশ দেন।সভায় জেলার সব প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, পৌরসভার মেয়র, ইমাম সমিতি, ব্যবসায়ী সমিতি, বাস ও লঞ্চ মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) বশির আহমেদ, কোস্টগার্ডের আঞ্চলিক কমান্ডার শামিম আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসাইন প্রমুখ।