চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, নওগাঁর বদলগাছী ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার ১৪৪ ধারা জারি করা হয়। একই সময়ে একই স্থানে সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় স্থানীয় প্রশাসন সভা-সমাবেশ নিষিদ্ধ করে এ আদেশ জারি করে। এর মধ্যে ভোলাহাটে জামায়াতে ইসলামী ও শ্রমিক লীগ, বদলগাছীতে জামায়াত ও আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সরিষাবাড়ীতে বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ আহ্বান করেছিল। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁপাইনবাবগঞ্জ: বিকেল সাড়ে চারটার দিকে ভোলাহাটের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ আহ্বান করেছিল জামায়াতে ইসলামী জামবাড়িয়া ইউনিয়ন শাখা। জামবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগও একই সময়ে সেখানে সভা আহ্বান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম আজম জানান, বিকেল চারটায় জারি করা ১৪৪ ধারা রাত ১২টা পর্যন্ত থাকবে।নওগাঁ: জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বদলগাছীর জামায়াতের মিঠাপুর ইউনিয়ন শাখা মিঠাপুর বাজারে এবং আধায়পুর ইউনিয়ন শাখা চকবনমালী মাদ্রাসা প্রাঙ্গণে বিকেল চারটার দিকে সমাবেশ আহ্বান করে। একই সময়ে মিঠাপুর ইউনিয়ন ছাত্রলীগ মিঠাপুর বাজারে এবং আধায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ চকবনমালী মাদ্রাসা প্রাঙ্গণে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে পৃথক সমাবেশ ডাকে। সরিষাবাড়ী (জামালপুর): উপজেলার সাতপোয়া ইউনিয়নের ঘোড়ামারা বাজারে গতকাল বিকেল তিনটার দিকে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আহ্বান করে সাতপোয়া ইউনিয়ন শাখা বিএনপি। একই সময় সেখানে সমাবেশ করার ঘোষণা দেয় স্থানীয় আওয়ামী লীগ।