ভোলাহাটে যুবলীগ কর্মী নিহতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গায় গত বৃহস্পতি বার সংঘর্ষে যুবলীগের কর্মী নিহত ও ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে পিরোজপুরের নাজিরপুরে জাতীয় পতাকা ছেঁড়ার অভিযোগে বিএনপি-জামায়াতের ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপি-জামায়াতের ২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ এবং পিরোজপুর ও চাঁদপুর প্রতিনিধির পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ সোহরাওয়ার্দী জানান, যুবলীগের নিহত কর্মী আবদুর রহমানের ভাই শরীফুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে একটি হত্যা মামলা করেছেন। মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। এ ছাড়া ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আবুল হাসান পৃথক মামলা করেন। এতে নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে হরতাল-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আবদুর রহমান নিহত হন। এ সময় পাঁচটি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হরতাল-সমর্থকদের দেওয়া আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পিরোজপুর: নাজিরপুরে জাতীয় পতাকা ছেঁড়ার অভিযোগে বিএনপি-জামায়াতের ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মামলা করেন স্থানীয় আজিবর খান। নাজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম জানান, মামলায় আজিবর অভিযোগ করেন, গত মঙ্গলবার স্থানীয় বিএনপি কর্মী লিলন খান উপজেলা সদরের সাতকাছিমিয়া এলাকায় বসে নিজের পকেটে থাকা জাতীয় পতাকা বের করে ছিঁড়ে রাস্তায় ফেলে দেন। এসআই রিয়াজুল আরও জানান, মামলায় পিরোজপুর জেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম খান ও জামায়াতের ৫১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৪৯ জনকে আসামি করা হয়েছে। চাঁদপুর: ফরিদগঞ্জ উপজেলার মনতালায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার বিএনপি-জামায়াতের ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অন্তত ১৫০ জনের নামে মামলা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের কর্মী জাহাঙ্গীর পাটওয়ারী বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ থানায় এ মামলা করেন। ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেন।