ভোলায় ছাত্রলীগের জ্বালানি তেলের ট্যাংকলরিতে হামলা ও লুটপাটের প্রতিবাদে ট্যাংকলরি মালিক সমিতি গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল পরিবহন বন্ধ করে দিয়েছে।
ভোলা জেলা ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, ১২ ডিসেম্বর সমিতির লোকজন পথে পথে চাঁদাবাজি ও রাজনৈতিক হয়রানি বন্ধ এবং নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সঞ্চারকলিপি দেন। কিন্তু এসব দাবি পূরণ না হওয়ায় তাঁরা অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল পরিবহন বন্ধ করে দিয়েছেন।
আনোয়ার হোসেন আরও জানান, সমিতির প্রায় ৫০টি ট্যাংকলরি বরিশাল থেকে জ্বালানি তেল পরিবহন করে ভোলার ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। এ তেল পরিবহন করতে গিয়ে ট্যাংকলরির মালিকদের পথে পথে চাঁদা দিতে হয়।
এরপর বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশনের তেল ব্যবসায়ীরা একচেটিয়া ব্যবসার জন্য হয়রানি করছেন। তারই ধারাবাহিকতায় চরফ্যাশন উপজেলার ছাত্রলীগের ক্যাডাররা গত ১১ ডিসেম্বর রাতে ভোলা জেলা ট্যাংকলরি মালিক সমিতির কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন হাওলাদারের প্রায় পাঁচ লাখ টাকার জ্বালানি তেল ও নগদ টাকা লুট করে নেয়।
এ সময় তারা তেলবাহী গাড়ির চালক, চালকের সহযোগী ও ব্যবস্থাপককে বেধড়ক পিটিয়ে জখম করে। এ ঘটনায় চরফ্যাশন থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নেয়নি। ফলে ১২ ডিসেম্বর ওই ঘটনার সুষ্ঠু বিচার, পথে পথে চাঁদাবাজি বন্ধ, রাজনৈতিক হয়রানি বন্ধ ও নিরাপত্তার দাবিতে ভোলা জেলা ট্যাংকলরি মালিক সমিতি ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়।
ওই দাবিগুলো না মানলে ২২ ডিসেম্বর থেকে জেলায় সব ধরনের জ্বালানি তেল পরিবহন ও সরবরাহ বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয়।
পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, অভিযোগের ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে। তা ছাড়া সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ সক্রিয় আছে। ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলম বলেন, ট্যাংক-লরিটি পথে বিকল হলে এলাকাবাসী জ্বালানি তেল লুট করে নেয়। এখানে ছাত্রলীগের কোনো কর্মী বা ক্যাডার জড়িত নয়। ছাত্রলীগকে হেয় করার জন্য বদনাম রটানো হচ্ছে।