ভোলায় অপ্রতুল বিদ্যুৎ কমছে না ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় ১৩ আগস্ট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও তা চাহিদার তুলনায় খুব কম। জেলা শহরে দিনে ১৭-১৮ এবং গ্রাম এলাকায় মাত্র তিন-চার ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এ বিদ্যুতে মানুষের ভোগান্তি দূর হচ্ছে না। এর ওপর লো-ভোল্টেজের কারণে ফ্যান, টেলিভিশন, রেফ্রিজারেটর ও বরফকল চালানো যাচ্ছে না। হাসপাতালগুলোতে পানি সরবরাহ করা সম্ভব হয়নি। দৌলতখান উপজেলার একটি বরফকলের মালিক নাসির উদ্দিন জানান, মঙ্গলবার রাত থেকে যে বিদ্যুৎ মিলছে, তা দিয়ে বরফ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। রাত চারটার দিকে এক ঘণ্টা সঠিক ভোল্টেজ পাওয়া গেলেও বাকি ২৩ ঘণ্টা লো-ভোল্টেজ থাকে। এ কারণে বাধ্য হয়ে ডিজেল দিয়ে বরফ উৎপাদন করতে হচ্ছে। এতে বরফ উৎপাদনে তাঁদের অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। ভোলা করাত কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসমত আলী হাওলাদার জানান, লো-ভোল্টেজের কারণে জেলার অধিকাংশ করাত কল বন্ধ আছে।গত মঙ্গলবার দৌলতখান, বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সব সময় বিদ্যুৎ না থাকায় শৌচাগারে পানি সরবরাহ করা যাচ্ছে না। এ কারণে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সর্বত্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। রোগীরা গরমে কষ্ট পাচ্ছেন। লালমোহন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অমলেন্দু বিশ্বাস জানান, সারা দিনে দু-তিন ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। লো-ভোল্টেজের কারণে তা দিয়ে পাম্পের মাধ্যমে পানি ওঠানো যাচ্ছে না।পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ সংস্থা (ওজোপাডিকো) ভোলা কার্যালয়ের নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী জি এম মাহমুদ জানান, ভোলায় প্রতিদিন ২২-২৩ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। এর মধ্যে শুধু শহরের চাহিদা আট-নয় মেগাওয়াট। মঙ্গলবার রাতে ভোলা-পটুয়াখালী বিদ্যুৎ লাইন সংস্কার করার পর ছয়-সাত মেগাওয়াট পাওয়া যাচ্ছে। কিন্তু অনেক দূর থেকে বিদ্যুৎ আসায় ভোল্টেজ কমে যাচ্ছে। ভোলা-বরিশাল ৩৩ কেভি লাইন সংস্কারের কাজ চলছে। দু-তিন দিনের মধ্যে সেটির সংস্কারকাজ শেষ হলে আরও ৭ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।ভোলার রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ভেঞ্চার এনার্জি রিসোর্সের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, ১০ আগস্ট রাত নয়টার দিকে তাঁদের কেন্দ্রের জেনারেটরের কয়েল নষ্ট হয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। কেন্দ্রটি পরিদর্শন করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ প্রকৌশলী দল আজ (শনিবার) ভোলায় আসবে।