ভোলায় আ.লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া
ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে ও একই সময়ে সমাবেশের ডাক দিলে প্রশাসন গতকাল শনিবার ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারার সীমানার বাইরে হেলিপ্যাড চত্বরে বিএনপি বিক্ষোভ সমাবেশ করার চেষ্টা করলে আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি সংবাদ সম্মেলন করে দাবি করেছে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা তাদের দুই শতাধিক কর্মীকে পিটিয়েছে। পুলিশ তাদের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে। ছবি তুলতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছয় সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করে ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বোরহানউদ্দিনের আলিয়া মাদ্রাসা সড়ক, হেলিপ্যাড ও ফায়ার ব্রিগেড কার্যালয় এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুপুর একটার দিকে দলের উপজেলা কার্যালয়ের সামনে জনসভা করেছেন এবং বিএনপি জেলা কার্যালয়ে বিকেল চারটায় সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। বোরহানউদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম জানান, উপজেলা সড়কের চিত্রমণি সিনেমা হলের সামনে বিএনপি ‘বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ’ ও আওয়ামী লীগ ‘যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে’ সমাবেশের ডাক দেয়। দুই পক্ষই প্রশাসনের কাছে সভা করার অনুমতি চায়। সংঘর্ষ, সংঘাতের আশঙ্কায় প্রশাসন গত শুক্রবার রাত ১০টা থেকে গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সমাবেশের স্থান থেকে চারদিকে ৪০০ গজ নির্ধারণ করে ১৪৪ ধারা জারি করে।ঘটনার ছবি তুলতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামতউল্যাহ, এনটিভির প্রতিনিধি আফজাল হোসেন, দৈনিক যুগান্তর-এর বোরহানউদ্দিন প্রতিনিধি নীল রতন, খবরপত্র পত্রিকার সামসুদ্দিন, সত্য সংবাদ-এর আবদুল মালেককে মারধর করে এবং প্রত্যেকের ক্যামেরা ছিনতাই করার চেষ্টা করেন। এ সময় তাঁরা আফজাল হোসেন ও সামসুদ্দিনের ক্যামেরা ও মুঠোফোন ছিনতাই করে নিতে সক্ষম হয়। এ ছাড়া আওয়ামী লীগ নেতা-কর্মীরা নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক আকরাম হোসেনকেও লাঞ্ছিত করে। বোরহানউদ্দিন থানার ওসি বেলায়েত হোসেন বলেন, ‘সাংবাদিক নির্যাতন করতে দেখিনি।’ বিকেল চারটার দিকে ভোলা বিএনপি কার্যালয়ে মেজর হাফিজউদ্দিন আহাম্মদ ও ভোলা-২ আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীম অভিযোগ করে বলেন, তাঁদের দুই শতাধিক নেতা-কর্মীকে পিটিয়ে আহত এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম দাবি করেন, সাংবাদিক নির্যাতন ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সঙ্গে আওয়ামী লীগ জড়িত নয়। এটা মেজর হাফিজের নিজস্ব সৃষ্টি।