ভোলায় আইনজীবীদের সমাবেশে ছাত্রলীগের হামলা
ভোলা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার জেলা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকায় সুপ্রিম কোর্ট ভবন এলাকায় আইনজীবীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনার প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা জজ আদালত এলাকায় সমাবেশ করছিল। এই সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। একপর্যায়ে আইনজীবীরাও তাঁদের পাল্টা ধাওয়া দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভোলা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আমিরুল ইসলাম বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন ও সমাবেশ করছিলেন। ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাঁদের সমাবেশে ইটপাটকেল ছুড়ে ও ব্যানার ছিনতাই করে নিয়ে যান। তবে ছাত্রলীগের ভোলা জেলা শাখার সভাপতি আবিদুল আলম আইনজীবীদের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।