ভোলায় আউশ আবাদে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় চলতি বছর আউশ আবাদ ও ফলনে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। চলতি বছরে প্রায় ২২ হাজার হেক্টর জমিতে আউশ আবাদ কম হয়েছে। চাল উৎপাদন কম হয়েছে ৬১ হাজার ৭৮২ মেট্রিক টন। চাষিদের বক্তব্য, ধানের মূল্য কম থাকায় তাঁরা আউশ চাষে খরচ কম করেও ক্ষতির শিকার হয়েছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে থেকে জানা গেছে, চলতি বছরে আউশ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭৭ হাজার ৬৪৮ হেক্টরে। আবাদ হয়েছে ৫৫ হাজার ৪৩৪ হেক্টরে। গত বছর আউশ আবাদ হয়েছিল ৭৬ হাজার ২৫০ হেক্টরে। চলতি বছরে এক লাখ ৩৮ হাজার ২৪০ মেট্রিক টন চাল উৎপাদন হওয়ার কথা। কিন্তু উৎপাদন হয়েছে ৭৬ হাজার ৪৫৮ মেট্রিক টন। ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের আবদুল বারেক মাল, আজিজ বেপারি, মাকসুদুর রহমান জানান, তাঁরা এ বছর খেতে নিড়ানি, সার-কীটনাশক দেননি। শুধু জমি চষে ধান লাগিয়ে এসেছেন। খেতের জলাবদ্ধতা ও শুষ্কতা দূর করার জন্য তাঁরা কোনো ব্যবস্থা নেননি। কারণ, ব্যবস্থা নিলেই খরচ। এক দিনের শ্রমমূল্য ৪০০ থেকে ৫০০ টাকা। কিন্তু ধানের মণ ৩০০ থেকে ৩২৫ টাকা। তার পরও এক একর জমিতে আউশ আবাদ করতে খরচ হয়েছে ১২ থেকে ১৫ হাজার টাকা। সে জমিতে ধান পাওয়া গেছে মাত্র ২৫ থেকে ৩০ মণ। যার দাম আট থেকে ১০ হাজার টাকা। বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের চাষি জাহাঙ্গীর আলম বলেন, ধানের দাম বাড়েনি, কিন্তু সার-বীজ-কীটনাশকের দাম ঠিকই বাড়ছে। এ বছর নিজ প্রয়োজন ছাড়া কেউই আউশ আবাদ করেননি। সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামের মাইনুদ্দিন বলেন, এ বছর কেউই আউশ আবাদে লাভবান হয়নি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তি রঞ্জন মল্লিক বলেন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, উচ্চ জোয়ার ও ধানের মূল্য কম থাকায় কৃষকেরা আউশ আবাদে আগ্রহ হারিয়ে ফেলেছেন। যাঁরা খেতে যত্ন করেছেন, তাঁরা হেক্টরে চার থেকে সাড়ে চার মেট্রিক টন ধান পেয়েছেন। কিন্তু খেতের আগাছা পরিষ্কার, সার না দেওয়ায় লক্ষ্যমাত্রাও পূরণ হয়নি, কৃষকেরও ক্ষতি হয়েছে।