ভোলায় আমন আবাদ ভেস্তে যাওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিবৃষ্টি, নদীভাঙন, বাঁধে ধস, অস্বাভাবিক জোয়ার, বীজতলায় পচনসহ নানা দুর্যোগের কারণে ভোলায় আমন আবাদ ভেস্তে যেতে পারে বলে কৃষকেরা আশঙ্কা করছেন। মৌসুমের শেষ মুহূর্তে এসে কৃষকেরা আমনের চারা লাগাতে গিয়ে হিমশিম খাচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, এ বছর লাগাতার অতিবৃষ্টি, মেঘনা-তেঁতুলিয়া নদীর বাঁধ ভাঙনে অস্বাভাবিক জোয়ারে পানি ঢুকে আমন খেত পানিতে তলিয়ে গেছে। পচে গেছে সমস্ত বীজতলা। একেকজন কৃষক দুই-তিনবার বীজতলা করেও চারা পাননি।সদর উপজেলার দক্ষিণ রাজাপুরের মিজি বাজারের উত্তর বিলের আমনচাষি জহিরুল ইসলাম, রুহুল আমিন, সফি মাঝি, কালু মাঝি, সফিক দালাল, মোতাছিম বিল্লাহ, মো. মোস্তফা, আলী হোসেনসহ শতাধিক কৃষক জানান, আমন ধান লাগানোর পর অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে তাঁদের খেত ডুবে যায়। পানি শুকিয়ে যাওয়ার পরে দেখা যায়, সব ধানের গোড়া পচে গেছে। ওই খেতে পুনরায় চারা লাগাতে হয়েছে। শেষ সময়ে চারা লাগালে ভালো ফলন না হওয়ার আশঙ্কাই বেশি।লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের সাতদরুন বিলের কৃষক মফিজুল ইসলাম, রবিউল হক, আনা মিয়াসহ একাধিক কৃষক জানান, অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে বিলে পানি উঠেছে। আর নামতে পারছে না। এসব জমিতে কৃষক বারবার বীজতলা তৈরি করেও চারা পাননি। এখন বাইরে থেকে উচ্চমূল্যে আমন চারা কিনতে হচ্ছে। তার পরও চারা পাওয়া যাচ্ছে না।তজুমদ্দিন উপজেলার বাঁধ ভেঙে গিয়ে উপজেলার চাঁচড়া, কাটাখালী, গুরিন্দা, চাঁদপুর স্লুইসগেট, হাজিকান্দি, ধৌরনীর খাল, রাম প্রসাদ, তালুকগ্রাম, চৌমহনী, সোনাপুর, মহেষখালী, মলংচড়া, চর জহিরউদ্দিন, দড়ি চাঁদপুর, দালালকান্দি, কেয়ামুল্যা, আড়ালিয়া এলাকা প্রতিদিন প্লাবিত হচ্ছে। জোয়ারের তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এসব এলাকার আমন খেতে কৃষকেরা এখনো ধান আবাদ করতে পারছেন না।তজুমদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা মনোতোষ কুমার প্রথম আলোকে বলেন, অতি জোয়ার, বৃষ্টি ও মেঘনার ভাঙনের কারণে এখনো কৃষক আমন লাগাচ্ছেন। এই উপজেলার ১৫ হেক্টর জমির আমন বীজতলার ক্ষতি হয়েছে। তবে আশা করা যাচ্ছে লক্ষ্যমাত্রা পূরণ হবে।ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, এ বছর এক লাখ ৬৭ হাজার ৮২৭ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রায় ৩০০ হেক্টর জমির বীজতলার ক্ষতি হলেও চারার সংকট পড়েনি। যদিও অনেক কৃষক বেশি দামে চারা কিনে রোপণ করছেন।ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মো. সাইফ উল্লাহ বলেন, অতিবৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে ভোলার আমন কৃষকেরা সময়মতো চারা লাগাতে পারেননি। তবে বাম্পার ফলন না হলেও লক্ষ্যমাত্রা পূরণ হবে।