ভোলায় আমনের বীজতলা ও আউশের খেত পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ছয় দিনের বৃষ্টি আর অস্বাভাবিক জোয়ারে ভোলার সাতটি উপজেলার আমনের বীজতলা ও পাকা আউশের খেত পানিতে তলিয়ে আছে। একই কারণে পানিবন্দী হয়ে পড়েছে ৫০ হাজার পরিবার। খেত ও বীজতলা তলিয়ে থাকায় ধানগাছ ক্ষতিগ্রস্ত হবে এবং আমনের আবাদ ব্যাহত হতে পারে বলে কৃষকেরা আশঙ্কা প্রকাশ করেছেন।সদর উপজেলার দক্ষিণ দিঘলদীর সোনালী কৃষি খামারের ব্যবস্থাপক কৃষক মনোয়ার হোসেন জানান, টানা বৃষ্টির পানিতে পাকা আউশ ধানের খেত ও আমনের বীজতলা ডুবে গেছে। দীর্ঘদিন বীজতলা পানির নিচে থাকলে পলিতে ধানের চারা মারা যাবে। তখন নতুন গাছ ওঠার জন্য আবার অপেক্ষা করতে হবে। এতে আমনের আবাদ বিলম্ব হতে পারে।চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের শশীগঞ্জ গ্রামের আবুল হাসেম জানান, তাঁদের এলাকার আমনের সব বীজতলা ডুবে গেছে। বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া বাটমারা গ্রামের কৃষক শাহ আলমগীর জানান, এলাকার সব পাকা আউশ ধান এখন পানির নিচে। কোমরসমান পানিতে ধান কাটাও সম্ভব হচ্ছে না। অনেক ধান এখনো কাটার উপযুক্ত হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার রামদাসপুর, গনেশপুর, সুলতানী, ২৭ দাগ বাজারসহ দক্ষিণ রাজাপুর, মুরাদ সফুল্লাহ, শাজাহান বাজার, মাঝের চর, রামদেবপুর, কাঠির মাথা, কাচিয়া, শাহামাদার, ভবানীপুর, দৌলতখান উপজেলার হাজীপুর, ভবানীপুর, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া, হাসান নগর, বড় মানিকা, তজুমদ্দিন উপজেলার সোনাপুর, মলংচড়া, মনপুরা উপজেলার কলাতলী, রাম নেওয়াজ, আন্দিরপাড়, লালমোহন উপজেলার ধলীগৌর নগর, লর্ড হার্ডিঞ্জ, চরফ্যাশন উপজেলার চর মানিকা, চর মাদ্রাজ, কুকরি-মুকরিসহ বিভিন্ন এলাকার ৫০ হাজার পরিবার এখনো পানিবন্দী।সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার উদ্দিন জানান, অস্বাভাবিক জোয়ারের পানিতে ফসলের খেত ডুবে যাওয়া চরাঞ্চলের কয়েক শ গবাদিপশু না খেয়ে আছে। ভোলা শহরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে আছে।ভোলা জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ভোলায় ৭০ হাজার হেক্টরে আউশের আবাদ হয়েছে। এর অধিকাংশ পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া এ জেলায় প্রায় দুই হাজার হেক্টর জমিতে আমনের বীজতলা করা হয়েছে। বৃষ্টিতে সব জমির বীজতলাই ডুবে আছে।সদর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, টানা বৃষ্টিতে অধিকাংশ ফসলি খেত পানিতে তলিয়ে আছে। এ অবস্থায় বেশি দিন থাকলে কৃষক ক্ষতির শিকার হবেন।