ভোলায় আরও ৪৫টি গরু-মহিষের মৃত্যু
ভোলার দৌলতখান উপজেলার মদনপুর চরে গবাদিপশুর মৃত্যু অব্যাহত রয়েছে। গত তিন দিনে আরও ৪৫টি গরু-মহিষ মারা গেছে। প্রাণিসম্পদ বিভাগ ছাগলের রোগ নিরূপণ করে প্রতিষেধক দিলেও মহিষ-গরুর প্রকৃত রোগ নিরূপণ করতে পারেনি। বরিশাল থেকে একটি বিশেষজ্ঞ দল ২৩ আগস্ট মৃত ও আক্রান্ত মহিষের নমুনা নিলেও এখনো প্রতিবেদন দিতে পারেনি।ইউনিয়নের গ্রাম্য চিকিৎসক মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে জানান, জুলাইয়ের শেষ দিকে চরে ছাগলের মড়ক লাগে। মৃত্যুর আগে ছাগলের পেট ফুলে ওঠে, নাক দিয়ে সর্দি ঝরে, পায়খানা-প্রস্রাব বন্ধ হয়ে যায়। শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে দু-এক দিনের মধ্যে ছাগল মারা যায়। ছাগলের পরপরই ১৬-১৭ আগস্ট মহিষের মড়ক শুরু হয়।মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন জানান, মদনপুর ইউনিয়নে প্রায় আড়াই হাজার পরিবার বাস করে। এসব পরিবার নদীভাঙন কবলিত। এদের প্রতি ঘরে ১০-১০০টি পর্যন্ত গবাদিপশু আছে। ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় এক হাজার ২০টি ছাগল, শতাধিক মহিষ ও ৩০টি গরু মারা গেছে।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার কর্মকার প্রথম আলোকে বলেন, ছাগল যে রোগে মারা গেছে, তার নাম পোস্টডিস পেটিস রুমিনেন্ট (পিপিআর)। এ রোগ ছাগল-ভেড়া ছাড়া হয় না। অন্যদিকে মহিষ-গরুর রোগ এখনো সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। ২৩ আগস্ট বরিশালের বিশেষজ্ঞ দল মৃত ও আক্রান্ত পশুর নমুনা নিয়ে গেছে। এখনো প্রতিবেদন দেয়নি। রোগ নির্ণয় করা হলে ব্যবস্থাপত্র দেওয়া হবে। তবে ধারণা করা হচ্ছে এসব মহিষ-গরু অ্যানাপেলাসমোসিসে আক্রান্ত।