ভোলায় এক লাখ হেক্টর জমি অনাবাদি থাকার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় বিদ্যুতের ঘাটতি না থাকলেও নতুন সংযোগ না দেওয়ায় ডিজেলচালিত সেচপাম্পে বোরো আবাদ করতে বাধ্য হচ্ছেন অনেক কৃষক। এতে খরচ পড়ছে বেশি। এ কারণে জেলায় অন্তত এক লাখ হেক্টর জমি বোরো মৌসুমে অনাবাদি থাকার আশঙ্কা করা হচ্ছে। ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ভোলার সহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র প্রথম আলোকে বলেন, ভোলায় দৈনিক বিদ্যুতের চাহিদা ১৪ থেকে ১৬ মেগাওয়াট। আর সরবরাহ পাওয়া যাচ্ছে গড়ে ২০ মেগাওয়াট। জেলায় বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তবে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার অনুমতি নেই। সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সোনালি কৃষি খামারের ব্যবস্থাপক মনোয়ার হোসেন জানান, তাঁরা প্রতি বছর ভূমিহীন কৃষকদের নিয়ে প্রায় পাঁচ হাজার একর জমিতে বোরো আবাদ করেন। তাঁদের অন্তত ৩০টি বিদ্যুৎচালিত সেচপাম্প দরকার। এর মধ্যে বিদ্যুৎ সংযোগ আছে একটির। তাই বাধ্য হয়ে তাঁরা এ বছরও ডিজেলচালিত পাম্পের মাধ্যমে সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ডিজেলচালিত পাম্পে খরচ বেশি। পানি ওঠে কম। তাই অনেক কৃষক বোরো আবাদ থেকে বিরত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নজরুল ইসলাম মাতব্বর জানান, উপজেলায় গত বছর প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এখানে ৭৫৫টি সেচপাম্পের মধ্যে আটটি বিদ্যুতে চলছে। এ বছরও একই অবস্থা। বিদ্যুতের সংযোগ পেলে কৃষকেরা বোরো আবাদ বাড়াতে পারতেন। ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, গত বোরো মৌসুমে ভোলায় নতুন সংযোগ না পাওয়ায় ৫৮২টি সেচপাম্পের মধ্যে মাত্র ৯১টি বিদ্যুতে চলেছে। ভোলা সদর উপজেলার চরসামাইয়্যা ইউনিয়নের সেচ সমিতির ব্যবস্থাপক আবদুল হক বেপারি, চরফ্যাশন উপজেলার আবুবকরপুরের আবদুস শহিদসহ কয়েকজন সেচ ব্যবস্থাপক জানান, বিএডিসিকে সেচপাম্পের ভাড়া দিয়ে যাচ্ছেন। কিন্তু বিদ্যুতের সংযোগ না পেয়ে তাঁরা ক্ষতির শিকার হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভোলা কার্যালয় ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (সেচ), ভোলা জোন কার্যালয় সূত্র জানায়, ভোলার প্রায় এক লাখ ৮৫ হাজার হেক্টর জমি বোরো আবাদের উপযুক্ত। আবাদ হচ্ছে প্রায় ৫৫ হাজার হেক্টরে। বিদ্যুৎ সংযোগ না পাওয়া বাকি এক লাখ ৩০ হাজার হেক্টর জমি বোরো মৌসুমে অনাবাদি থাকার প্রধান কারণ। ওই ৫৫ হাজার হেক্টর জমিতে সেচ দিতে ব্যবহার করা হচ্ছে সাড়ে চার হাজার পাম্প। এর মধ্যে মাত্র ১৫২টি বিদ্যুৎচালিত। এ বছরও বিদ্যুতের সংযোগের অভাবে একই অবস্থা বিরাজ করবে বলে সূত্র জানায়। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (সেচ), ভোলা জোনের সহকারী প্রকৌশলী স্বপন কুমার হালদার জানান, গত বোরো মৌসুমে তাঁরা পল্লী বিদ্যুৎ সমিতিতে সংযোগের জন্য ৩২টি আবেদন করেছেন। সেসব সংযোগ পাওয়া তো দূরের কথা, গত দুই বছর আগে সংযোগের জন্য আবেদন করে এখনো সংযোগ পাওয়া যায়নি। অথচ পাম্প বসানোসহ আনুষঙ্গিক সব কাজ তাঁরা সম্পন্ন করেছেন। বিদ্যুৎ সংযোগ ও খাল খনন সমস্যার সমাধান করলে ভোলায় দেড় লাখ হেক্টর জমিই বোরো আবাদের আওতায় আনা সম্ভব বলে তিনি জানান। ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক সোহরাব আলী বিশ্বাস বলেন, মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় নতুন সংযোগ দেওয়ার কোনো আবেদন তাঁরা গ্রহণ করছেন না।