ভোলায় এক সপ্তাহে ৫৫টি মহিষের মৃত্যু
ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে গত এক সপ্তাহে ৫৫টি মহিষের মৃত্যু হয়েছে। প্রাণিসম্পদ বিভাগ এসব মহিষের মৃত্যুর কারণ এখনো জানাতে পারেনি। কৃষকদের দাবি, গলা ফোলা ও পেট ফোলার পরই মহিষগুলো মরে যাচ্ছে।ইউনিয়নের বাসিন্দা লুৎফুর রহমান পাটওয়ারী জানান, গত এক সপ্তাহে ৬ নম্বর ওয়ার্ডের বাসু পাটওয়ারীর ছয়টি, বাবুল পাটওয়ারীর দুটি, মিলন পাটওয়ারীর একটি, নুর মোহাম্মদের দুটি, সালাউদ্দিন পাটওয়ারীর একটি; ২ নম্বর ওয়ার্ডের আজিজুল হক মাঝির একটি, বুলু হাওলাদারের একটি; ৩ নম্বর ওয়ার্ডের আসাদুল্যাহ মিয়ার সাতটি, কাঞ্চন মাঝির তিনটি, বশির আহমেদের তিনটি, ভুট্টু মাঝির একটি, সিরাজুল ইসলামের দুটিসহ ৫৫টি মহিষ মারা গেছে। এ ছাড়া আরও ২০টি মহিষের পেট ফুলে আছে।৩ নম্বর ওয়ার্ডের আসাদুল্যাহ মিয়া বলেন, ‘কোনো কতা নাই, ভালা মইষডার আচুক্যা (হঠাৎ) টোটলা (গলা) হুইল্যা (ফুলে) ওটলো, প্যাট হুইল্যা ওটলো, হের পরেই বত্ করি ছেড়াই (পাতলা পায়খানা) দিয়া মাডিত্ পড়ি মরি গ্যালো।’ তিনি জানান, প্রথম তাঁর মহিষ মারা যায়। চিকিৎসককে জানানোর পর তাঁরা এসে যে প্রতিষেধক দিয়েছেন, তাতে কোনো কাজ হচ্ছে না।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন প্রথম আলোকে জানান, গত এক সপ্তাহে ৫৩টি মহিষ মারা গেছে। গত শনিবার প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন চিকিৎসক কিছু প্রতিষেধক দিয়েছেন। কিন্তু তাতে কাজ হয়নি। ওই চিকিৎসক রোগও নির্ণয় করতে পারেননি। মহিষের বাথানের মালিক আবদুল হাই বলেন, ভোলার মেঘনার মাঝে জেগে ওঠা চরে শতাধিক বাথানে হাজার হাজার মহিষ। এসব মহিষের চিকিৎসা হয় লোকজ পদ্ধতিতে। প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকদের কখনোই পাওয়া যায় না। তাঁদের দেখাতে হলে সদর পশু হাসপাতালে নিতে হয়। কিন্তু এসব বাথান থেকে মহিষ নেওয়া সম্ভব নয়। এই মড়ক বাথানে ছড়িয়ে পড়লে কোটি কোটি টাকার মহিষ মারা যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার প্রথম আলোকে বলেন, কী রোগে মহিষগুলো মারা যাচ্ছে, তা এখনো সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, রোগটি অ্যানাপেলাস মোচিস। গতকাল মঙ্গলবার বরিশাল আঞ্চলিক রোগ অনুসন্ধান পরীক্ষাগার থেকে একটি দল ভোলায় আসার কথা। তারা মরা মহিষের নমুনা পরীক্ষাগারে পাঠাবে।