ভোলায় ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত তিনটি দোকানকে ৪৫ হাজার টাকা জরিমানা করায় ভোলা সদর উপজেলার ওষুধ ব্যবসায়ীরা গতকাল সোমবার বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরিফুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুর রাশেদ খানের নেতৃত্বে জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে ভোলা বাজারে আদালত বসেন। ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় ১৫টি প্রতিষ্ঠানকে এক লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।প্রত্যক্ষদর্শী, রোগী, অভিভাবকদের অভিযোগ, বেলা ১১টার দিকে ভোলা সদর রোডের উষা ফার্মেসি, ব্রাদার্স মেডিকেল হল ও কর্মকার ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা করার সঙ্গে সঙ্গে শহরের সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এ কারণে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকের শত শত রোগী ভোগান্তিতে পড়েছেন।বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ভোলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল আলম বলেন, ‘যে ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়, সেগুলো আমরা একটি বাক্সে জমা রাখি। কোম্পানিগুলো বছরে একবার ডিসেম্বর মাসে সেগুলো ফেরত নেয়। প্রশাসন যখন-তখন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইচ্ছামতো জরিমানা করে আমাদের ব্যবসায়িক ক্ষতি করছে। এ জন্যই আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক এবং চার দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি। দাবি চারটি হচ্ছে: ওষুধ ব্যবসায়ীদের অহেতুক হয়রানি করা যাবে না, আমাদের জরিমানা ফেরত দিতে হবে, আমরা ভোক্তা অধিকার আইন জানি না, প্রশিক্ষণ দিয়ে এ আইন সম্পর্কে আমাদের সচেতন করতে হবে এবং চিকিৎসকের ডায়েটারি ফুড সাপ্লিমেন্টারি-জাতীয় ওষুধ প্রেসক্রিপশনে লেখা যাবে না। এ দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।’জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, ওষুধের দোকানমালিকদের ধর্মঘট প্রত্যাহারের জন্য তাঁদের ডাকা হয়েছে, আলোচনায় বসা হবে।