ভোলায় ওসির বিরুদ্ধে মামলা
সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা ও ঘুষ নেওয়ার অভিযোগে গতকাল বুধবার ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), চারজন উপপরিদর্শকসহ (এসআই) ১২ জনকে আসামি করে মামলা হয়েছে। সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ছগির আহাম্মেদ বাদী হয়ে মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ মামলা করেন।মুখ্য বিচারিক হাকিম আবদুর রহমান সরদার মামলাটি গ্রহণ করে উপজেলা ভূমি কমিশনারকে তদন্তের দায়িত্ব ও প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।উল্লেখ্য, মেঘনার দখল ও ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত কয়েক দিন সেখানে দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।মামলার এজাহারে বলা হয়, ২৩ অক্টোবর দিবাগত রাতে একটি পক্ষের প্রধান নাছির উদ্দিন তাঁর ভাই নাগর, জাফর পণ্ডিত দলবলসহ চারটি ট্রলার নিয়ে মদনপুর ইউনিয়নের মধুপুর মৎস্য অবতরণ কেন্দ্রে অন্যপক্ষের প্রধান জামাল উদ্দিনের মাছের আড়তে সশস্ত্র হামলা চালান। ভোলা থানার পুলিশ তাঁদের সহায়তা করে। এ সময় আসামিরা চারটি আড়ত থেকে নগদ টাকাসহ সাড়ে চার লাখ টাকার মামামাল লুট করেন। এ ছাড়া ভোলা থানার পুলিশ ২৫ অক্টোবর রাতে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চৌদ্দগড় গ্রামে জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ এলোপাতাড়ি গুলি চালায় ও পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করে।এজাহারে আরও বলা হয়, ভোলা থানার পুলিশ সন্ত্রাসীদের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নিয়ে তাঁদের অযথা হয়রানি করছে।